রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে চায় জার্মানি। যে কারণে দূর দেশটি থেকে জ্বালানি আমদানি কমিয়ে দেয়া হয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
এপির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু সময় ধরে রাশিয়া থেকে জ্বালানি নির্ভরতা কমাতে শক্ত মনোভাব দেখিয়ে যাচ্ছিল জার্মানি। গতকাল রোববার তার প্রতিফলন দেখা গেছে। বার্লিন জানিয়েছে, তাদের এ কার্যক্রম খুব দ্রুত অগ্রসর হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটি তাদের নীতিতে কৌশলগত পরিবর্তন আনছে।
জার্মান অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগে রাশিয়া থেকে ৩৫ শতাংশ জ্বালানি তেল আমদানি করা হতো। এখন সেটি তলানির দিকে। বর্তমানে ১২ শতাংশ তেল আমদানি করা হয়। সেখান থেকে কয়লা আমদানির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি নাগাদ রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি থেকেও জার্মানি বের হয়ে আসতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।