পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ ঘোষিত অধিকার সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ সংগঠনটির একটি পদযাত্রার কথা রয়েছে, এর আগে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর রয়টার্স।
বিক্ষোভকারীদের অভিযোগ, আসন্ন আঞ্চলিক নির্বাচনকে ঘিরে প্রাদেশিক পরিষদের ১২টি সংরক্ষিত আসন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাকিস্তানের অন্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত এসব আসন স্থানীয়দের প্রতিনিধিত্ব দুর্বল করছে।
পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান জানান, পুঞ্চ সেক্টরে বিক্ষোভকারীরা একটি নিরাপত্তা বাহিনীর বহরের পথরোধ করে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয়।
তারারখালে সংঘর্ষে ৬ বিক্ষোভকারী ও ১ পুলিশ সদস্য নিহত হন। অন্যদিকে রাওয়ালাকোটে পৃথক আরেকটি সংঘর্ষে এক বিক্ষোভকারী ও এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
গত জুনে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএএসি) আজ রাওয়ালাকোট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে। ওয়াহিদ খান বলেন, শহরে পদযাত্রার প্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।
স্থানীয় হিসাব অনুযায়ী, গত জুন থেকে শুরু হওয়া এ অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।