যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা অব্যাহত থাকবে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) ওই আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এ পদক্ষেপের মধ্য দিয়ে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা রাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও পুরো বিভাগ বন্ধ করতে কংগ্রেসের অনুমোদন লাগবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এ বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেয়া হবে।
এর আগে চলতি বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতা নেয়ার সময় শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয়। আগে যেখানে এ বিভাগে ৪,১৩৩ জন কর্মরত ছিলেন, সেখানে বর্তমানে রয়েছেন ২,১৮৩ জন।
তবে নির্বাহী আদেশে সই করলেও কংগ্রেসের আইন পাস করা ছাড়া ট্রাম্প বিভাগটি পুরোপুরি বিলুপ্ত করতে পারবেন না। কেননা মার্কিন সেনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মন্ত্রিপরিষদ পর্যায়ের বিভাগটি বন্ধে তার ডেমোক্র্যাটদের ভোটের প্রয়োজন হবে।
এদিকে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকারকর্মীরা। বৃহস্পতিবার কলরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
আবার জনমত জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান এ পদক্ষেপের বিরোধিতা করছেন।