ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি সংবাদমাধ্যমের সম্পাদক রাহুল জোশিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নির্মলা সীতারমণ বলেন, ‘রুশ জ্বালানি তেল হোক বা অন্য যেকোনো কিছুই হোক, গোটা বিষয়টিই নির্ভর করবে দাম, লজিস্টিকস বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ভিত্তিতে কোনটি আমাদের প্রয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ, তার ওপর। আমরা কোথা থেকে জ্বালানি তেল কিনব, সেটিও নির্ভর করবে আমাদের প্রয়োজনীয়তার ওপরেই, বিশেষ করে যখন এর সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সম্পর্কটি জড়িত।’
তিনি জানান, ভারতের আমদানি ব্যয়ে সর্বোচ্চ হিস্যা জ্বালানি তেলেরই।
ইউক্রেন সংঘাত শুরুর আগে ভারতের মোট জ্বালানি তেল আমদানিতে রাশিয়ার হিস্যা ছিল ১ শতাংশেরও কম। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশে। দেশটির পরিশোধনাগারগুলো এখন রাশিয়া থেকে ছাড়কৃত মূল্যে আমদানি করা জ্বালানি তেল পরিশোধন করছে। ইউরোপের দেশগুলোয় রুশ জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ। যদিও দেশগুলো ভারতীয় পরিশোধনাগারগুলো থেকে ওই পরিশোধিত রুশ পেট্রোলিয়াম পণ্যই আমদানি করছে।
ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কহার উদ্বেগ তৈরি করলেও জিএসটির (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) মতো সংস্কারমূলক পদক্ষেপগুলো এর অভিঘাত প্রশমনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন নির্মলা সীতারমণ। এছাড়া ৫০ শতাংশ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে ভারত সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতীয় অর্থমন্ত্রী বলেন, ‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমরা কিছু একটা সহায়তার পরিকল্পনা নিয়ে আসব। এ প্যাকেজের মধ্যে নানামুখী পদক্ষেপ থাকছে। এবং তাদের সহায়তার জন্য অবশ্যই কিছু একটা নিয়ে আসা হবে।’