চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। আগুন নেভাতে এবং কারখানার ভেতরে ও ছাদে আটকে পড়া মানুষদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সিনহুয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বহুতল কারখানা ভবনটি থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের তীব্রতায় ভবন থেকে নিচে নামতে না পেরে বেশ কিছু মানুষকে এর ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের ১৮৩ জন কর্মী কাজ করছেন। তাদের দীর্ঘ চেষ্টার পর বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এক স্থানীয় কর্মকর্তা জানান, আমাদের ধারণা, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে জুতা তৈরির প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান ও আঠা (অ্যাডহেসিভ) মজুত থাকায় আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এসব দাহ্য পদার্থ ও কেমিক্যাল পুড়ে বিষাক্ত ধোঁয়া তৈরি হওয়ায় পুরো এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন। তিনি আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক নির্দেশ দিয়েছেন।
বৈশ্বিক জুতা উৎপাদন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় জিনজিয়াং শহরটিকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ শহরের হাজার হাজার কারখানায় ১২০ কোটিরও বেশি জোড়া জুতা উৎপাদিত হয়েছে, যা সমগ্র বিশ্বের মোট জুতা উৎপাদনের প্রায় ২০ শতাংশ।