পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব

ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গতকাল বৈঠক করেন তিনি। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘ভারতের পক্ষ থেকে জবাব দেয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।’

এনডিটিভি অনলাইন জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এটি ছিল গত সাত দিনের মধ্যে দ্বিতীয় বৈঠক। পেহেলগাম হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। এতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। বৈঠকে ভারত আর কী কী পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খাজা আসিফ বলেন, ‘আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি। কারণ, এখন এটি (সম্ভাব্য হামলা) অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আর সে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে। তবে কী কারণে একটি হামলা অত্যাসন্ন বলে মনে করছেন, তা জানাননি খাজা আসিফ।

পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। হামলায় জড়িত সন্দেহভাজন তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি তাদের। তবে এসব অভিযোগ নাকচ করেছে পাকিস্তান। কাশ্মীরে ওই হামলার পর টানা পাঁচ রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ভারতীয় বাহিনী জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এরই মধ্যে গতকাল নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের একটি কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ।

আরও