দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। চলতি মাসের শেষ দিকে, ২৬ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল শুরু করবে ভারতের বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো। খবর বিবিসি।
দুই দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি ফ্লাইট পরিষেবা আবার চালু করা হবে। এতে যোগাযোগ সহজ হবে, সেইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো স্বাভাবিকের দিকে এগোবে।’
ভারতের সবচেয়ে বড় বাজেট এয়ারলাইন ইন্ডিগো জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে কলকাতা ও গুয়াংঝুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। ২০২০ সালে হিমালয়ের লাদাখ সীমান্তে দুই দেশের সেনা সংঘর্ষের পর সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। গত এক বছর ধরে দীর্ঘ আলোচনার পর তা আবারো চালুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ও বেইজিং।
সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নে কাজ করছে দুই দেশ। একাধিক আন্তর্জাতিক ফোরামে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিতে বেইজিং সফর করেছেন মোদি। এসময় দুই নেতার মুখোমুখি বৈঠকে সম্পর্কের উত্তেজনা হ্রাস ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, সম্প্রতি ভারত চীনা নাগরিকদের জন্য ভিসা দেয়া আবার শুরু করেছে। অন্যদিকে চীন কৈলাস মানসরোবর যাত্রার জন্য ভারতীয় তীর্থযাত্রীদের প্রবেশাধিকার ফের চালু করেছে।