যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান
দিয়াগোয় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার অঙ্গরাজ্যটির সান্টি শহরের একটি
মাধ্যমিক স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো দুজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হলে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত দুটি বাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন উড়োজাহাজটির পাইলট। তার নাম সুগত দাস। তিনি অ্যারিজোনার ইউমা আঞ্চলিক মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।
খবরে আরো বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি সি৩৪০ মডেলের দুই
ইঞ্জিন বিশিষ্ট। সোমবার এটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা
অঙ্গরাজ্যের ইউমাতে যাত্রা করে। উড্ডয়নের পর উড়োজাহাজটিতে সমস্যা দেখা দেয়। পাঁচ
হাজার ফুট উপরে ওঠার পর এটি হঠাৎ করে ১৫০০ ফুট নিচে নেমে আসে। এ সময়
কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটির পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে একটি
ইউপিএস ভ্যানে ধাক্কা খায় উড়োজাহাজটি। এতে ভ্যান চালকের মৃত্যু হয়।
উড়োজাহাজটিতে মোট কতজন যাত্রী ছিলেন- তা জানা যায়নি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড পার্সেল সার্ভিস অব আমেরিকা ইনকর্পোরেটেড।