ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এখন দেশটির গণ্ডি পেরিয়ে ১২টি দেশে পৌঁছে গেছে। একই সঙ্গে গত পাঁচ বছরে প্লাটফর্মটিতে লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ভারত সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) ২০১৬ সালের ১১ এপ্রিল ইউপিআই চালু করে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০০৭-এর আওতায় পরিচালিত এ প্লাটফর্ম বর্তমানে দেশটির ডিজিটাল লেনদেনের প্রধান অবকাঠামো।
ভারতের লোকসভার চলতি অধিবেশনে এক সদস্য ইউপিআই ব্যবহারকারী, লেনদেন, বিদেশে এর সম্প্রসারণ এবং নিরাপত্তা জোরদারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এর লিখিত জবাবে দেশটির কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, গত মাস পর্যন্ত ইউপিআই প্লাটফর্মে ৫৫ কোটি ৪৯ লাখ ব্যবহারকারী নিবন্ধিত হয়েছেন।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান, জালিয়াতি ঠেকাতে ঝুঁকিভিত্তিক লেনদেনসীমা, অননুমোদিত মোবাইল নম্বর পরিবর্তন ও এসএমএসভিত্তিক যাচাইয়ের অপব্যবহার রোধ এবং ইউপিআই অ্যাপের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের সমন্বিত ইউপিআই তথ্য নিরাপত্তা কাঠামো ও মোবাইল অ্যাপ নিরাপত্তা কাঠামো চালু করা হয়েছে।
এছাড়া ২০২১-২২ অর্থবছরে ইউপিআইয়ে ৪ হাজার ৫৯৬ কোটি লেনদেন হয়েছিল। পরের ৩ অর্থবছরে তা বেড়ে যথাক্রমে ৮ হাজার ৩৭১ কোটি, ১৩ হাজার ১১৩ কোটি এবং ১৮ হাজার ৫৮৭ কোটিতে পৌঁছে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইউপিআইয়ের মাধ্যমে ২৪ হাজার ১৬২ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে, যার আর্থিক মূল্য ৩১৪ দশমিক ২৩ লাখ কোটি রুপি।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আরো জানান, এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের মাধ্যমে ইউপিআই ও রুপে কার্ড নেটওয়ার্ক বিশ্বের ১২টি দেশে সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ভারতীয় পর্যটক ও প্রবাসীদের সীমান্তপারের লেনদেন সহজ হওয়ার পাশাপাশি অংশীদার দেশগুলোও ইউপিআইয়ের আদলে নিজস্ব তাৎক্ষণিক ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থা গড়ে তুলতে পারছে।