সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি হামলার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে গতকাল জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। খবর রয়টার্স।
হুথিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে সৌদি হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদের আরামকোর স্থাপনাটি লক্ষ্য করা হয়।
রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী উঠতে দেখা যায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
তবে আরামকোর কোনো স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে জ্বালানি তেল কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ হামলার খবর এল। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করেছে হুথিরা।
গত সপ্তাহেও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি। ওই সময় সৌদি আরব জানিয়েছিল, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু এলাকার দিকে যাওয়ার পথে বিধ্বস্ত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির কথা জানায়নি সৌদি কর্তৃপক্ষ।