ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক হামলা, ৪৭৪ অভিযানে দেড় হাজার হতাহতের দাবি

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হুমকির উৎস হিসেবে চিহ্নিত বিভিন্ন অবস্থান, হুথিদের সমাবেশ, সামরিক রসদ, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা এসব অভিযানের লক্ষ্য ছিল।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে গতকাল শুক্রবার ৪৭৪টি সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। খবর আনাদোলু।

শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে এসব অভিযান চালানো হয়। তিনি আরো জানান, দক্ষিণাঞ্চলীয় হারাধ ও উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহজ, সানা ও সাদাসহ বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়। তবে তাইজে অভিযান ছিল সবচেয়ে বেশি।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হুমকির উৎস হিসেবে চিহ্নিত বিভিন্ন অবস্থান, হুথিদের সমাবেশ, সামরিক রসদ, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা এসব অভিযানের লক্ষ্য ছিল।

নাজিলি দাবি করেন, নিহত ও আহত হুথি সদস্যদের অধিকাংশই তাইজের বিভিন্ন ফ্রন্টের। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থেমে গেছে এবং স্থলপথে বড় ধরনের অগ্রগতি অর্জনে সংগঠনটির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইয়েমেনজুড়ে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই দেশটির সেনাবাহিনী এ তথ্য জানাল। একইদিন তারা জানিয়েছিল, তাইজে হুথিদের চলাচল ও সামরিক রসদ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ২০টি হামলা চালানো হয়েছে। সানা ও সাদায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত কয়েকটি স্থাপনায়ও হামলা চালানোর কথা জানিয়েছে সরকারি বাহিনী।

এর আগে বুধবার ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছিল, ওইদিন তিনটি ফ্রন্টে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৪৬৮টি অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানেও শত শত হুথি সদস্য হতাহত হওয়ার দাবি করা হয়েছিল।

আরও