ভারতীয় জাহাজের বিপদ সংকেত পেয়ে এগিয়ে গেল পাকিস্তানি নৌবাহিনী

এর আগে গত মাসে আরব সাগরের উত্তরাঞ্চলে একটি বাণিজ্যিক জাহাজে থাকা ১৮ জন ক্রুকে উদ্ধার ও সরিয়ে আনে পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে আটকে পড়া একটি ভারতীয় জাহাজের বিপদ সংকেতে সাড়া দিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে জাহাজটি সমুদ্রে আটকে পড়ে। পরে পাকিস্তান নৌবাহিনী ওই জাহাজের কর্মীদের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা দেয়। খবর এনডিটিভি।

এ বিষয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাম এমভি গৌতম। ওমান থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে গুরুতর যান্ত্রিক সমস্যার কারণে এটি সমুদ্রে অচল হয়ে পড়ে।

ওই ঘটনার পর মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) ইসলামাবাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং সহায়তা চায়। এর পর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযানে নামে, পিএমএসএস কাশ্মীর নামের একটি জাহাজ মোতায়েন করে।

বিবৃতিতে বলা হয়, এমভি গৌতমের ক্রুদের মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক। জাহাজটির অবস্থা স্থিতিশীল ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি খাদ্য, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে গালফ টাইমস, যেখানে পাকিস্তান নৌবাহিনীকে এমভি গৌতমের ক্রু সদস্যদের সহায়তা করতে দেখা যায়।

এর আগে গত মাসে আরব সাগরের উত্তরাঞ্চলে একটি বাণিজ্যিক জাহাজে থাকা ১৮ জন ক্রুকে উদ্ধার ও সরিয়ে আনে পাকিস্তান নৌবাহিনী।

পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতিতে তখন বলা হয়েছিল, একটি দ্রুত মানবিক অভিযানে পাকিস্তান নৌবাহিনী সফলভাবে ১৮ জন ক্রুকে উদ্ধার ও সরিয়ে আনে, যাদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। তারা এমভি গোল্ড অটাম নামের একটি বাণিজ্যিক জাহাজে ছিলেন, যা পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে উত্তর আরব সাগর থেকে একটি বিপদ সংকেত পাঠিয়েছিল।

আরও