রাশিয়ার কামচাটকায় আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি আতঙ্কে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কিছু উপকূলে ৩ মিটারের বেশি (১০ ফুটের বেশি) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। খবর বিবিসি।
সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে রাশিয়া, ইকুয়েডর উপকূল ও উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এসব অঞ্চলে সবচেয়ে বড় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, ১-৩ মিটার ঢেউ আঘাত হানতে পারে চিলি, কোস্টা রিকা, হাওয়াই (মূল দ্বীপপুঞ্জ), জাপান ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে।
এক মিটার পর্যন্ত ঢেউ হতে পারে অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, টোঙ্গা ও তাইওয়ানে।
জাপানে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। জাপান সরকার জানিয়েছে, দেশটির হোক্কাইডো থেকে ওয়াকায়ামা পর্যন্ত বিস্তীর্ণ উপকূলজুড়ে জনগণকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে।
এদিকে, ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
যুক্তরাষ্ট্রের হাওয়াই সম্পূর্ণ সুনামি সতর্কতার আওতায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের উঁচু এলাকায় সরিয়ে নিতে বলা হয়েছে। হনলুলুর মেয়র বলেছেন, ‘দয়া করে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিন। যতটা সম্ভব উঁচু স্থানে উঠে যান।‘ তবে এখনো পর্যন্ত ভয়াবহ উচ্চতার ঢেউ দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।
জাহাজগুলোকে সমুদ্রে অবস্থান করতে বলা হয়েছে, যাতে তারা সুনামি ঢেউয়ের ধাক্কা সরাসরি না খায়।
চীন, পেরু ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও সর্তকতা জারি রয়েছে। চীনের কর্তৃপক্ষ ঝেজিয়াং প্রদেশ ও সাংহাই শহরের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সেখানে এক মিটার পর্যন্ত ঢেউ আসার সম্ভাবনা রয়েছে।
পেরু সরকারের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নিরবিচ্ছিন্ন নজর রাখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটনে জাতীয় আবহাওয়া পরিষেবা জনগণকে সৈকত, বন্দর ও জেটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।