সিরিয়ায় ক্যাফেতে বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০

যে ক্যাফেটিতে বিস্ফোরণ ঘটেছে, তার মাত্র ৪০ মিটার দূরেই অবস্থিত প্যালেস অব জাস্টিস। সেখানে বর্তমানে সাবেক আল-আসাদ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচার চলছে

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। খবর আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ৩টা ২৪ মিনিটে আল-মারজাহ জেলার আল-নাসের স্ট্রিটের একটি ক্যাফেতে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলটি দেশটির প্যালেস অব জাস্টিসের খুব কাছাকাছি অবস্থিত। ক্যাফের ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ক্যাফেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাফের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। ক্যাফেটি থেকে মাত্র ৪০ মিটার দূরেই অবস্থিত প্যালেস অব জাস্টিস। সেখানে বর্তমানে সাবেক আল-আসাদ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচার চলছে। চলতি সপ্তাহেই সিরিয়ার সাবেক গ্র্যান্ড মুফতি আহমদ বদর আল-দিন হাসুনের বিচার শুরু হয়েছে।

নিরাপত্তা বাহিনী ধারণা করছে, নতুন সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেশে সক্রিয় কোনো ‘স্লিপার সেল’ (গুপ্ত ঘাতক চক্র) এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অপরাধীকে শনাক্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি। হামলার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আরও