মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আজ শুক্রবার (১৪ মার্চ) প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আদালত জানিয়েছে, স্থানীয় সময় আজ দুপুর ২টায় দুতার্তের প্রথম হাজিরা নির্ধারণ করেছে চেম্বার।
নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’-এর বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে তারা বলছে, ৭৯ বছর বয়সী দুতার্তে শুনানির জন্য আজ বিচারকদের সামনে হাজির হবেন। কোন কোন অপরাধে তিনি অভিযুক্ত এবং বিবাদী হিসেবে তার অধিকার সম্পর্কে সেখানে তাকে অবহিত করা হবে।
মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বছরের পর বছর অভিযান চালাতে গিয়ে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তার এই অভিযানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে।
আইসিসির জারি করা পরোয়ানার ভিত্তিতে গত মঙ্গলবার ম্যানিলায় দুতার্তেকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর তাকে নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে অবস্থিত আইসিসিতে পাঠানো হয়।
সেখানে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। ফেসবুকে এক ভিডিওতে তিনি বলেছেন, আমি পুলিশ ও সেনাবাহিনীকে বলছি, এই কাজ আমি করেছি এবং এর জন্য আমিই দায়ী।
এদিকে আইসিসি’র শুনানির সরাসরি সম্প্রচার দেখতে শুক্রবার রাতে ম্যানিলায় পরিবারের সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একটি দল জড়ো হওয়ার কথা রয়েছে। আয়োজক ‘রাইজ আপ ও দুতার্তে অ্যাকাউন্টেবিলিটি ক্যাম্পেইন নেটওয়ার্ক’ এ তথ্য জানিয়েছে।
সূত্র: বাসস