বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে পরিত্যক্ত একটি তালাবদ্ধ ট্রাক থেকে ১৮ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডয়চে ভেলের খবর বলছে, ওই ট্রাকটিতে অন্তত ৪০ জন অভিবাসী প্রত্যাশী ছিলেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে অন্তত ৫ জন শিশুও রয়েছে। জীবিত সবার অবস্থাই আশঙ্কাজনক।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) উদ্ধার হওয়া জীবিত ও মৃত অভিবাসন প্রত্যাশীরা সবাই আফগানিস্তান থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোফিয়ার কাছের একটি গ্রামে তালাবদ্ধ অবস্থায় ট্রাকটি খুঁজে পায় পুলিশ। কাঠ পরিবহনের ওই ট্রাকে করে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। কাঠের নিচে লুকিয়েই তাদের পরিবহন করছিলেন ট্রাকের চালক। চালককে আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে এরই মধ্যে আটক করা হয়েছে চার বুলগেরিয়ানকে।
দীর্ঘদিন ধরেই মানবপাচারকারীরা বুলগেরিয়াকে ইউরোপে প্রবেশের পথ হিসেবে ব্যবহার করে আসছে। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা অবৈধভাবে তুরস্ক হয়ে সীমান্ত অতিক্রম করেছিল।