দক্ষিণ লেবাননে ১২ ঘণ্টার ব্যবধানে আরেক ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে আরো এক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের ঘোষিত দ্বিতীয় মৃত্যু এটি। ফলে লেবাননে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই ঘটনায় আরো একজন সৈন্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া চারজন মাঝারি মাত্রা ও চারজন সামান্য আহত হয়েছেন।
তবে ওই ঘটনা সম্পর্কে অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শুরুর একদিন পরই এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া লেবাননেন একটি এলাকা। ছবি: রয়টার্স
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক জানিয়েছেন, দক্ষিণ লেবাননে এক হামলায় একজন ফরাসি শান্তিরক্ষী নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গুতেরেস তীব্র নিন্দা জানিয়েছেন।
গতকাল সকালে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএলের ছোট অস্ত্রের গুলিবর্ষণের মুখে পড়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউএনআইএফআইএল জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মাখোঁ ও ইউএনআইএফআইএল হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
সূত্র: এপি