রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যেই মস্কো সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি মনে করেন, ইউক্রেনে যুদ্ধ এড়ানো সম্ভব। সে লক্ষ্যেই তার এ সফর। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেমন বলছে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সে অধিকার ফ্রান্সেরও রয়েছে। আজ সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেখানে এ ব্যাপারে কথা বলবেন মাখোঁ।
সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের প্রশ্নে আমার কাছে অগ্রাধিকার হচ্ছে রাশিয়ার সঙ্গে সংলাপ এবং উত্তেজনা কমানো। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুব চিন্তিত।
খবরে আরো বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি কোনো আলোচনার বিষয় নয় বলে জানিয়েছেন মাখোঁ। ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে যুদ্ধের মনোভাব থেকে সরে আসতে নতুন একটি ভারসাম্যকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করে ইমানুয়েল মাখোঁ। ইউক্রেন উত্তেজনা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মস্কোর দাবি নিয়ে কথা হয় দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। আগামীকাল মঙ্গলবার তার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের কথা রয়েছে।