১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

১১ আপডেট
  • ১৬ এপ্রিল, ২০২৬

    ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের পর ইসরায়েল ও লেবাননের নেতারা ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে তিনি বলেন, এই সাময়িক যুদ্ধবিরতি পূর্বাঞ্চলীয় সময় বিকাল ৫টা, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কার্যকর হবে।

    মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে মাত্রই চমৎকার একটি আলোচনা শেষ করেছেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেতা এ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছেন।

    তিনি আরো লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান ড্যান কেইন ইসরায়েল ও লেবাননের সঙ্গে একটি স্থায়ী শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

    সূত্র- সিএনএন

  • ১৬ এপ্রিল, ২০২৬

    আমাদের বিশ্বাস, ইরানের সর্বোচ্চ নেতা আহত হয়েছেন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমাদের বিশ্বাস ইরানের সর্বোচ্চ নেতা আহত হয়েছেন।

    ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তি সঞ্চয় করছে। ইরান কোনো চুক্তি না করলে তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

    সূত্র- আল জাজিরা

  • ১৬ এপ্রিল, ২০২৬

    ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: পিট হেগসেথ

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই।

    হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

    সূত্র- আল জাজিরা

  • ১৬ এপ্রিল, ২০২৬

    ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ লেবাননকে সংযোগকারী শেষ সেতু: কর্মকর্তা

    দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরায়েলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে। লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার এলাকার সঙ্গে সিডনের সংযোগকারী কাসমিয়া সেতুটি পরপর দুটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

    এর আগে ইসরায়েল জানিয়েছিল, হেজবুল্লাহ যাতে লেবাননের রাষ্ট্রীয় অবকাঠামো ব্যবহার করতে না পারে, সেজন্য তারা দেশটির বিভিন্ন সেতুতে হামলা চালাচ্ছে।

    সূত্র রয়টার্স

  • ১৬ এপ্রিল, ২০২৬

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

    পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

    গালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আর আসিম মুনির গতকাল পাকিস্তানের উচ্চপর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান।

    ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি সেখানে আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে এসেছেন।

    সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বৈঠক করেছেন।

    সূত্র- বিবিসি

  • ১৬ এপ্রিল, ২০২৬

    দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের

    দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করেছে।

    বৃহস্পতিবার ভোরে এ বাহিনী জানিয়েছে, লেবানন থেকে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। এছাড়া ইসরায়েলি নৌ-বাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।

    সূত্র- বিবিসি

  • ১৬ এপ্রিল, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। বৃহস্পতিবার তিনি আরো জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও রয়েছে।

    এদিকে, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্র অগ্রগতি অর্জন করেছে। কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচিসহ বেশ কিছু বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে। তিনি আরো জানান, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।

    এ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ কমাতে সাহায্য করেছে। যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরু করার বিষয়ে সহায়তা করেছে তার এ সফর।

    সূত্র- বিবিসি বাংলা

  • ১৬ এপ্রিল, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই সংলাপে বসতে রাজি: পাকিস্তান

    যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আবার সংলাপে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় দফা বৈঠক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সংলাপ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবেই লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। তাই লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া এই সংলাপ কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

    পাকিস্তান জোর দিয়ে বলেছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হলে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে। আলজাজিরা

  • ১৬ এপ্রিল, ২০২৬

    লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য দিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা।

    আর্মি রেডিওতে এক সাক্ষাৎকারে ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটের সদস্য গালিয়া গামলিয়েল বলেন, খুব শিগগিরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু।

    তবে এক জ্যেষ্ঠ লেবাননি কর্মকর্তা বলেছেন, এ ফোনালাপ সম্পর্কে লেবাননের কাছে ‘কোনো তথ্য নেই’।

    কয়েক দশক পর চলতি সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল-লেবানন বৈঠক, যা শিগগিরিই পরবর্তী দফায় গড়াতে পারে। এ আলোচনার মাঝেও লেবাননে হামলা করেছে ইসরায়েল।

    সূত্র: আল জাজিরা

  • ১৬ এপ্রিল, ২০২৬

    যুদ্ধবিরতি বাড়ানোর পক্ষে নন মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে নন তিনি।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং বর্তমানে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তের অধীন। তবে ব্যক্তিগতভাবে আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে নই।’

    তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনায় আগের তুলনায় এখন আরো বেশি সতর্ক হওয়া উচিত।

    রেজাই দাবি করেন, আগামী দফার আলোচনায় শর্ত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়।

    তিনি বলেন, ‘মার্কিনরা যেখানে ধারাবাহিক যুদ্ধ নিয়ে ভীত, আমরা সেখানে পুরোপুরি প্রস্তুত এবং দীর্ঘ যুদ্ধের সঙ্গে পরিচিত।’

    সূত্র: এপি

  • ১৬ এপ্রিল, ২০২৬

    দক্ষিণ লেবাননে ‘ডোমিসাইড’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের বিশেষজ্ঞ

    আবাসনের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বালাকৃষ্ণণ রাজাগোপাল বলেছেন, দক্ষিণ লেবাননে ‘ডোমিসাইড’ চালাচ্ছে ইসরায়েল।

    মানবাধিকার আইনের এ বিশেষজ্ঞ এর আগে ‘ডোমিসাইড’কে এভাবে সংজ্ঞায়িত করেছেন, এটি যুদ্ধের সময় বেসামরিক মানুষের বাসস্থান ব্যাপক ও ইচ্ছাকৃতভাবে ধ্বংস সাধনের প্রক্রিয়া।

    জাতিসংঘের অন্যান্য মানবাধিকার বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হয়ে তিনি ইসরায়েলকে অবিলম্বে লেবাননে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান।

    সামাজিক যোগাযোগমাধ্যমে বালাকৃষ্ণণ লিখেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মতো একই কৌশল অনুসরণ করছে। এর মধ্যে রয়েছে ডোমিসাইড বা বাড়িঘর ধ্বংস করে জনপদ জনশূন্য করা, ‘বাফার জোন’ তৈরি করে ভূমি দখল এবং বসতিস্থাপনকারীদের মাধ্যমে কার্যত দখলদারত্ব প্রতিষ্ঠা।

    সূত্র: আল জাজিরা

অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানকে চুক্তিতে আনতে তৎপর যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে ফেব্রুয়ারির শেষ দিকে যৌথভাবে শুরু করা যুদ্ধ প্রায় শেষের দিকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কার্যকর হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিকের তুলনায় অনেক কম।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা ‘ইতিবাচক ও চলমান’ এবং চুক্তির সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী। তবে ৮ এপ্রিল হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করেনি।

ছবি: রয়টার্স

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের জ্বালানি তেল কিনলে অন্যান্য দেশগুলোর ওপরও ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপ করা হতে পারে। এরই মধ্যে ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করতে সতর্কবার্তা পেয়েছে দুটি চীনা ব্যাংক।

পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির তেহরান সফর করে দুই পক্ষের দূরত্ব কমানোর চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানি বন্দরগামী জাহাজ আটকে দেয়া হচ্ছে, যদিও ইরান দাবি করেছে একটি সুপারট্যাংকার এরই মধ্যে অবরোধ ভেঙেছে।

আলোচনায় প্রধান বাধা হয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য স্থগিতের প্রস্তাব দিলেও ইরান ৩-৫ বছরের প্রস্তাব দিয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এদিকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।

সূত্র: রয়টার্স

আরও