দক্ষিণ ফিলিপাইনে আজ সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে সংঘটিত হয় এবং এতে একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। খবর রয়টার্স।
ভূমিকম্পটি এমন সময় ঘটল যখন ফিলিপাইনে দীর্ঘ বিরতির পর বিদ্যালয়গুলো খুলে দেয়া হয়েছে। কম্পনটি দেশটির এক ডজনেরও বেশি প্রদেশে তীব্রভাবে অনুভূত হয় এবং প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরেও কম্পন টের পাওয়া যায়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের সারাংগানি প্রদেশের প্রায় ২০ কিলোমিটার দূরে।
সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইনের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং মালয়েশিয়ার সাবাহ রাজ্যে।
ফিলিপাইনের কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ১৫ জন নিহত এবং ১২৯ জন আহত হওয়ার তথ্য যাচাই করা হচ্ছে। অধিকাংশ আহত হয়েছেন ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে।
আট মাস আগে ফিলিপাইনে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেবু দ্বীপের কাছে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হন। এর দুই সপ্তাহ পর মিন্দানাওয়েও দুটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার মধ্যে সর্বোচ্চটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার।
ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় প্রতি বছর শত শত ভূমিকম্প হয়। দুই দেশই পৃথিবীর ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত। ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামের ভূমিকম্পপ্রবণ বেল্টটি দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত।
ভূমিকম্পের পর ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, একাধিক দেশ সুনামিতে প্রভাবিত হতে পারে।
অস্ট্রেলিয়া শুরুতে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করে। জাপান জানায়, কিছু এলাকায় দশমিক ২ মিটার বা তার কম উচ্চতার সুনামি দেখা গেছে এবং ফেরি চলাচলে বিঘ্ন ও সতর্কতামূলক সৈকত বন্ধ রাখা হয়।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরের মানুষজন শক্ত কম্পন অনুভব করেন। দেশটির দুর্যোগ সংস্থা জানায়, বড় ধরনের ক্ষতি হয়নি। তবে উত্তর সুলাওয়েসির কিছু এলাকায় দশমিক ৭৫ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়। উপকূলীয় এলাকার মানুষ নিরাপদ স্থানে, বিশেষ করে উঁচু জায়গায় সরিয়ে যায়।