ইয়েমেনের উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ গতকাল হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির উপকূলে সাম্প্রতিক সময়ে এটি সর্বশেষ সামুদ্রিক হামলার ঘটনা। খবর এপি।
যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা শহরের উপকূলে এ হামলা ঘটে। শহরটি বর্তমানে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইউকেএমটিওর তথ্যানুযায়ী, হোদেইদা থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে থাকা জাহাজটি জানায় যে, তারা ‘অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের’ আক্রমণের মুখে পড়েছে।
সংস্থাটি জানায়, একটি ছোট নৌকা বাল্ক ক্যারিয়ারটির কাছে এসে গুলি চালায়। এতে জাহাজে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালাতে বাধ্য হন। পরে হামলাকারীদের নৌকাটি প্রায় ২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা একটি বড় জাহাজের কাছে ফিরে যায়। ওই বড় জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ ছিল বলে জানানো হয়েছে।
ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর জাহাজ ও এর সব নাবিক নিরাপদ রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি হুথি বিদ্রোহীরা আবারো জাহাজে হামলা শুরু করার হুমকি দিয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হুথিদের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
এর আগে হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দাব প্রণালির কাছে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা অতিক্রমকারী জাহাজগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গাজা যুদ্ধ চলাকালে তাদের এসব হামলার কারণে বহু শিপিং কোম্পানি সুয়েজ খাল ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে জাহাজ চলাচল করতে বাধ্য হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে আরো দক্ষিণে এডেন উপসাগরেও সোমালীয় জলদস্যুদের তৎপরতা বেড়েছে।
গত ১ জুলাই ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের বালহাফ বন্দরনগরী থেকে প্রায় ৭৬ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজেও সন্দেহভাজন জলদস্যুরা হামলা চালায়। ইউকেএমটিওর তথ্যানুযায়ী, একটি ছোট নৌকায় থাকা চার সশস্ত্র ব্যক্তি জাহাজটির ব্রিজে হামলা চালিয়ে সামান্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল।