আটলান্টিকের ইতিহাসে দ্রুততম তীব্রতা লাভকারী ঝড়গুলোর মধ্যে অন্যতম হ্যারিকেন এরিন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এটি ক্যাটাগরি ১ থেকে ক্যাটাগরি ৫-এ উন্নীত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়ংকর দৃষ্টান্ত। শনিবার কিছু সময়ের জন্য এটি ছিল ক্যাটাগরি ৫ হ্যারিকেন— যা অনেকটাই বিরল ঘটনা। পরে হ্যারিকেনটি ক্যাটাগরি ৪-এ নেমে আসে এবং ক্যারিবীয় অঞ্চলের উত্তরে আটলান্টিক মহাসাগরে চালায় তাণ্ডব।
শুক্রবার সকাল ১১টায় প্রতি ঘণ্টায় মাত্র ৭৫ মাইল বাতাসের গতিবেগ নিয়ে এটি ছিল ক্যাটাগরি ১ হ্যারিকেন। মাত্র ২৪ ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যে এটি ঘণ্টায় ১৬০ মাইল বাতাসের গতিবেগসহ ক্যাটাগরি ৫ হ্যারিকেনে রূপান্তরিত হয়। এর ফলে এরিন দ্রুততম সময়ে শক্তিশালী হওয়া আটলান্টিক হ্যারিকেনগুলোর মধ্যে অন্যতম হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে। এমনকি সেপ্টেম্বরের ১ তারিখের আগে সৃষ্ট যেকোনো ঝড়ের জন্য এটি সম্ভবত দ্রুততম তীব্রতা লাভের ঘটনা।
শনিবার মধ্যরাতের আগে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, এরিন এখনো একটি ভয়ংকর ক্যাটাগরি ৪ হ্যারিকেন এবং এটি একটি আইওয়াল রিপ্লেসমেন্ট সাইকেলের মধ্য দিয়ে যাওয়ায় পুনরায় ক্যাটাগরি ৫-এ ফিরে আসার পূর্বাভাস রয়েছে। এই প্রক্রিয়ায় ঝড়ের বাতাসের ক্ষেত্র আরো বড় হয়ে থাকে।
সাধারণত কোনো হ্যারিকেনের গতিবেগ যদি ২৪ ঘণ্টার মধ্যে অন্তত প্রতি ঘণ্টায় ৩৫ মাইল বৃদ্ধি পায়, তবে তাকে র্যাপিড ইন্টেন্সিফিকেশন বা ‘দ্রুত তীব্রতা লাভ’ বলা হয়। ঐতিহাসিকভাবে, চরম দ্রুত তীব্রতা লাভের ঘটনা সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঘটে।
জীবাশ্ম জ্বালানি দূষণ এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে মহাসাগর ও বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে। অ্যাটলান্টিকে বেশি সংখ্যক হ্যারিকেনের দ্রুত তীব্রতা লাভের কারণ হিসেবে এটিকে ধরা হচ্ছে।
হ্যারিকেন এরিন আটলান্টিকের ইতিহাসে রেকর্ড হওয়া ৪৩টি ক্যাটাগরি ৫ হ্যারিকেনের মধ্যে একটি। সাম্প্রতিক সময়ে ক্যাটাগরি ৫ ঝড়ের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সাল থেকে আটলান্টিকে রেকর্ড হওয়া এটি একাদশতম ক্যাটাগরি ৫ হ্যারিকেন।
এছাড়াও, মৌসুমে এত দ্রুত একটি ক্যাটাগরি ৫ ঝড় তৈরি হওয়া অস্বাভাবিক, বিশেষ করে মেক্সিকো উপসাগরের বাইরে। মধ্য আগস্ট সাধারণত হ্যারিকেনের সর্বোচ্চ ক্রিয়াশীল হওয়ার সময় হলেও, সবচেয়ে শক্তিশালী ঝড়গুলো সাধারণত মৌসুমের আরো পরে সৃষ্টি হয়।
হ্যারিকেন এরিন সরাসরি কোনো স্থলভাগে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। এটি পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করে আগামী সপ্তাহে পূর্ব উপকূল ও বারমুডার মধ্যবর্তী খোলা আটলান্টিক মহাসাগরের দিকে উত্তর-উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। এই সময় এর আকার দ্বিগুণ বা তিনগুণও হতে পারে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত এরিন পুয়ের্তো রিকোর সান হুয়ানের প্রায় ১৫০ মাইল উত্তর-পূর্বে এবং অ্যাঙ্গুইলার প্রায় ১৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। শনিবার মধ্যরাত পর্যন্ত উত্তর পুয়ের্তো রিকোর জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে এবং তুর্কি ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং লিওয়ার্ড দ্বীপপুঞ্জের কিছু অংশে ক্রান্তীয় ঝড়ের সতর্কতা বহাল রয়েছে।
হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এরিনের বাইরের অংশ রোববার পর্যন্ত উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারি বৃষ্টিপাত ঘটাতে থাকবে। এতে আকস্মিক বন্যা, ভূমিধস এবং কাদা ধসের সম্ভাবনা রয়েছে।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টার-এর মতে, আগামী সপ্তাহে বাহামা, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এবং আটলান্টিক কানাডার সমুদ্র সৈকতে এরিন বড় ঢেউ এবং বিপজ্জনক আন্ডার কারেন্ট তৈরি করবে।
শনিবার রাতে এরিনের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ মাইল। এরিন সোমবার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে।
সিএনএন অবলম্বনে