মার্কিন চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ বরখাস্ত, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে অস্থিরতা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের তিন কর্মকর্তা। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ দায়িত্ব নেয়ার পর থেকেই দ্রুতগতিতে দপ্তর পুনর্গঠনে নামেন। তবে যুদ্ধকালীন সময়ে কোনো জেনারেলকে বরখাস্তের সিদ্ধান্ত প্রায় নজিরবিহীন।
র্যান্ডি জর্জের দায়িত্বের মেয়াদ শেষ হতে আরো এক বছরের বেশি সময় বাকি ছিল। তিনি সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ পদ থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছে পেন্টাগন।
বিবৃতিতে তার দীর্ঘদিনের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, জর্জের অবসর জীবনের জন্য আমরা শুভকামনা জানাই।
র্যান্ডি জর্জ। ছবি: রয়টার্স
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানান, হেগসেথ আরো দুজন শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন। আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মির চ্যাপলিন কর্পসের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন।
র্যান্ডি জর্জের বিদায়ের কোনো কারণ জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সিদ্ধান্তটি এমন সময়ে এলো, যখন ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
ওই অঞ্চলে মার্কিন হামলার বেশির ভাগই নৌবাহিনী ও বিমানবাহিনী পরিচালনা করলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। প্রায় ৪ লাখ ৫০ হাজার সক্রিয় সদস্য নিয়ে মার্কিন সেনাবাহিনী দেশটির সবচেয়ে বড় সামরিক শাখা।
এছাড়া সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে, যা ইরানে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে।
হেগসেথ ও জর্জের মধ্যে প্রকাশ্যে কোনো দ্বন্দ্বের ইঙ্গিত আগে পাওয়া যায়নি। তবে হেগসেথ দায়িত্ব নেয়ার পর বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর শীর্ষ আইন কর্মকর্তাকে বরখাস্ত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন।
এক কর্মকর্তা জানান, হেগসেথের সাবেক সামরিক সহকারী এবং আর্মির ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ অস্থায়ীভাবে র্যান্ডি জর্জের দায়িত্ব পালন করবেন।
আরেক কর্মকর্তা বলেন, জর্জকে অপসারণের খবরটি সিনিয়র আর্মি নেতৃত্বও জনসমক্ষে প্রকাশের সময়ই জানতে পায়।
ইনফ্যান্ট্রি কর্মকর্তা জর্জ র্যান্ডি ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৩ সালে এ পদে নিয়োগ পান, যার মেয়াদ সাধারণত চার বছর হয়ে থাকে।
এর আগে তিনি আর্মির ভাইস চিফ এবং সাবেক প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার অপসারণ পেন্টাগনের সাম্প্রতিক অস্থিরতার ধারাবাহিকতা বাড়িয়েছে। এর আগে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ার ফোর্স জেনারেল সি কিউ ব্রাউন, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফকে বরখাস্ত করা হয়েছিল।
সূত্র: রয়টার্স