হরমুজের পর গুরুত্বপূর্ণ আরো সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালি বন্ধ করতে পারে ইরান, দীর্ঘদিন ধরেই এ ইঙ্গিত দিয়ে আসছে দেশটি। এমনটি হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতের নতুন ফ্রন্ট খুলবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়বে

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ জোরদারের নির্দেশ দেয়ার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আরো সমুদ্রপথ বন্ধের হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ বিষয়ে আইআরজিসির বিবৃতি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক জ্বালানি রফতানির সুবিধা হয় সবার জন্য থাকবে, নয়তো কারো জন্যই থাকবে না।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালি বন্ধ করতে পারে ইরান, দীর্ঘদিন ধরেই এ ইঙ্গিত দিয়ে আসছে দেশটি। এমনটি হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতের নতুন ফ্রন্ট খুলবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়বে।

বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এ পথ দিয়েই সৌদি আরবের বিপুল পরিমাণ জ্বালানি তেল রফতানি এবং বৈশ্বিক সমুদ্রবাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়।

গত সোমবার এক হুথিজ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায়, তাহলে তারা বাব আল-মানবেব প্রণালি বন্ধ করতে প্রস্তুত। ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপ নিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।

নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তুলে গত সোমবার হুথি বাহিনী সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে চার বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যায়।

এর আগেও হুথিরা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইরান-সমর্থিত এই গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি ছিল, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

নতুন এ হুমকি এসেছে এমন সময়ে— যখন মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সক্ষমতা দুর্বল করতে তারা নতুন হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে ইরান সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে প্রায় এক ডজন নাবিক নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন।

গতকাল রাতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে সাত ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আইআরজিসি বলেছে, ‘আমেরিকার অশুভ কর্মকাণ্ডের অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করত।

আইআরজিসির দাবি, সর্বশেষ মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ড, লজিস্টিকস, জ্বালানি ও সামরিক সরঞ্জাম স্থাপনায় হামলা চালিয়েছে।

তাদের দাবি, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় একটি মার্কিন লজিস্টিকস স্থাপনায় আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে এবং জর্ডানের আজরাকে মার্কিন ঘাঁটির বিমান হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কিছু হামলা জর্ডানের ঘাঁটি থেকেও পরিচালিত হয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আজ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো বেড়েছে।

এর আগে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। একইভাবে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও প্রায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। আজ লেনদেনের শুরুতেও দুই ধরনের জ্বালানি তেলের দাম আরো বেড়েছে।

আরও