মার্কিন-চীন বাণিজ্য দ্বন্দ্বে স্বর্ণের দামে নতুন রেকর্ড, রূপার দামেও সর্বোচ্চ বৃদ্ধি

স্পট সিলভার ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৫২ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

মার্কিন সময় সোমবার ভোরে স্পট গোল্ড প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪ দশমিক ২৯ ডলারে অবস্থান করে, যা কিছুক্ষণ আগে ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৯ দশমিক ৩০ ডলার ছুঁয়েছিল।

বিশ্ববাজারে স্বর্ণের দাম সোমবার নতুন রেকর্ড ছুঁয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা পুনরায় বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকেছেন। খবর রয়টার্স।

মার্কিন সময় সোমবার ভোরে স্পট গোল্ড প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪ দশমিক ২৯ ডলারে অবস্থান করে, যা কিছুক্ষণ আগে ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৯ দশমিক ৩০ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ড ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২ দশমিক ৫০ ডলার হয়েছে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানিতে নতুন নিয়ন্ত্রণ জারি করেন। এটি নভেম্বর থেকে কার্যকর হবে। চীন পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, এই পদক্ষেপের ন্যায্য কারণ থাকলেও তারা এখনই যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে না।

ক্যাপিটাল ডটকম-এর বিশ্লেষক কাইল রড্ডা বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা আবারো স্বর্ণবাজারকে উর্ধ্বমুখী করেছে।

রূপার বাজারেও একই প্রবণতা দেখা গেছে। স্পট সিলভার ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৫২ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ব্যক্তিগত বিনিয়োগ প্রবাহের কারণে মধ্যমেয়াদে রূপার দাম আরো বাড়তে পারে, যদিও স্বর্ণের তুলনায় এর ঝুঁকি বেশি থাকবে।

চলতি বছরে স্বর্ণের দাম এরইমধ্যে ৫৪ শতাংশ বেড়েছে। এটিকে ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, ফেডের সুদ হ্রাসের প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফল হিসেবেই দেখা হচ্ছে।

বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, অক্টোবর ও ডিসেম্বর— দুই মাসেই ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট করে কমাতে পারে। মঙ্গলবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল অর্থনীতিবিদদের সম্মেলনে বক্তৃতা দেবেন, যেখানে এ বিষয়ে নতুন ইঙ্গিত আসতে পারে।

অন্যদিকে, প্লাটিনাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১ হাজার ৬২৮ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়াম একই হারে বেড়ে ১ হাজার ৪৪২ দশমিক ০৬ ডলারে লেনদেন হয়েছে।

আরও