মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসনের মুখে পড়তে পারি, রিপাবলিকানদের ট্রাম্প

'আমরা না জিতলে ওরা (ডেমোক্র্যাটরা) আমাকে ইমপিচ করার কোনো না কোনো কারণ খুঁজে বের করবেই।‘

নভেম্বরের এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাগুলো থমকে যেতে পারে এবং তিনি বিভিন্ন সংসদীয় তদন্তের মুখে পড়তে পারেন। এ ঝুঁকি এড়াতে তিনি দলের সদস্যদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

২০২৬ সালে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জয়ী হতে হবে। নইলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন বা ‘ইমপিচ’ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্স।

ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত ৮৪ মিনিটের বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আপনাদের এই নির্বাচনে জিততেই হবে। কারণ আমরা না জিতলে ওরা (ডেমোক্র্যাটরা) আমাকে ইমপিচ করার কোনো না কোনো কারণ খুঁজে বের করবেই।‘

নভেম্বরের এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাগুলো থমকে যেতে পারে এবং তিনি বিভিন্ন সংসদীয় তদন্তের মুখে পড়তে পারেন। এ ঝুঁকি এড়াতে তিনি দলের সদস্যদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের পর ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা, বিশেষ করে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চাপ বাড়ছে। তবে মঙ্গলবারের সভায় তিনি এই বিষয়ে খুব সামান্যই কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে তিনি পুঁজিবাজারের সাফল্যকে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।

পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ডেমোক্র্যাটদের একচেটিয়া প্রচারণাকে রুখে দিতে আইনপ্রণেতাদের আরো নমনীয় ও কুশলী হওয়ার নির্দেশ দেন তিনি। বিশেষ করে গর্ভপাত সেবায় সরকারি অর্থায়ন সংক্রান্ত বির্তকিত ‘হাইড অ্যামেন্ডমেন্ট’ নিয়ে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প।

২০১৭-২১ মেয়াদে ট্রাম্প দুইবার অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন। যদিও দু’বারই সিনেট তাকে খালাস দেয়। দ্বিতীয় মেয়াদেও বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন। বর্তমানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা মাত্র ৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছে, যা ট্রাম্প ও স্পিকার মাইক জনসন উভয়ের জন্যই উদ্বেগের কারণ।

বক্তৃতায় ট্রাম্প আগামী নির্বাচনে একটি 'ঐতিহাসিক বিজয়' পাওয়ার আশাবাদ ব্যক্ত করলেও নিজের দলের অবাধ্য সদস্যদের প্রতি বিরক্তি প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে প্রতিটি মধ্যবর্তী নির্বাচনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল হাউজে আসন হারিয়েছে।

আরও