যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। পাকিস্তানি সূত্রটি বলেছে, আমরা খুব শিগগিরই এটি সম্পন্ন করব। আমরা (চুক্তির) খুব কাছাকাছি পৌঁছেছি। এ বিষয়ে অবগত পাকিস্তানি সূত্রের বরাতে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুই মার্কিন কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুইজন সূত্রের বরাতে এ বিষয়ে অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার জন্য তিন দিনব্যাপী চলা একটি নৌ-অভিযান স্থগিত করার পর, হোয়াইট হাউস মনে করছে- তারা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
চুক্তির অন্য শর্তের মধ্যে রয়েছে— ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে, যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানের কয়েক বিলিয়ন ডলারের জব্দকৃত অর্থ ছেড়ে দিতে সম্মত হবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার সুযোগ দিতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত রাখা হচ্ছে। তেহরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।
ট্রাম্প আরো বলেছেন, পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে পাওয়া বিশাল সাফল্য এবং একই সঙ্গে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি—এসব বিবেচনায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।