নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওন্দোর একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে। আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি জানিয়েছেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরের প্রার্থনারতদের ওপর গুলি চালিয়েছে। পুলিশ হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।
হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের দেখতে যান তিনি। এ ঘটনাকে গণহত্যা বলে বর্ণনা করেন তিনি। তবে হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। এটিকে জঘন্য কাজ বলে অভিহিত করেন তিনি।