চীনের উচ্চপদস্থ এক বিলিয়নেয়ার ব্যাংকার সম্প্রতি নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া
গিয়েছে। নিখোঁজ রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী বাও ফ্যান একজন শীর্ষস্থানীয়
ব্রোকার। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় রয়েছে তার বিনিয়োগ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তার নিখোঁজ হওয়ার খবর স্থানীয় শেয়ার বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। এমনকি আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তার নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ায় একটি বিনিয়োগ সংস্থার শেয়ার মূল্য পড়ে গিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি
এই হাই-প্রোফাইল ব্যাংকার ঠিক কতদিন ধরে নিখোঁজ, তা জানতে পারেনি বিবিসি। তবে একটি চীনভিত্তিক বাণিজ্য সংবাদমাধ্যমের বরাতে তারা জানিয়েছে, অন্তত দুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ফোর্বস
ম্যাগাজিনের একটি প্রতিবেদন সম্প্রতি জানিয়েছে, দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কের অবনতি সংক্রান্ত
কারণে গত কয়েক বছরে অন্তত আধা ডজন বিলিয়নেয়ার নিখোঁজ হয়েছেন। অবশ্য তাদের
অনেকেই ফিরে এসেছেন।
এদের মধ্যে ছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০২০ সালে বাজার নিয়ন্ত্রকদের সমালোচনা করার পর তিন মাসের জন্য উধাও হয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া রয়েছেন চীনের বিখ্যাত ফোসুন গ্রুপের প্রতিষ্ঠাতা গুও গুয়াংচ্যাং। ২০১৫ সালে তাকেও দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।