রেকর্ড উচ্চতায় ক্রিপ্টো বাজার: ১২৫,০০০ ডলারের পথে বিটকয়েন

সোমবার সকালে বিটকয়েন তার সর্বকালের রেকর্ড উচ্চতা ১ লাখ ২২ হাজার ৫৭১ ডলার ছুঁয়ে ফেলে। যদিও পরে কিছুটা কমে ১ লাখ ২১ হাজার ৯৫৩ ডলারে লেনদেন হয়। যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি।

প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের গণ্ডি অতিক্রম করল বিটকয়েন, যা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ বৃদ্ধির পেছনে কাজ করছে নীতিগত অগ্রগতির আশা, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে। খবর সিএনএনের।

সোমবার সকালে বিটকয়েন তার সর্বকালের রেকর্ড উচ্চতা ১ লাখ ২২ হাজার ৫৭১ ডলার ছুঁয়েছে। যদিও পরে কিছুটা কমে ১ লাখ ২১ হাজার ৯৫৩ ডলারে লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি।

এই দিনটির আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হলো, ডিজিটাল অ্যাসেট শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রস্তাবিত আইন নিয়ে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আলোচনা শুরু হচ্ছে। এই দাবিগুলোর সঙ্গে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি নিজেকে ঘোষণা করেছেন "ক্রিপ্টো প্রেসিডেন্ট" হিসেবে। সেই সঙ্গে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা নিয়ম-কানুন শিল্পবান্ধবভাবে সংস্কার করেন।

আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘বিটকয়েন এ মুহূর্তে একাধিক ইতিবাচক প্রবাহে ভাসছে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্ত চাহিদা, ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির প্রত্যাশা ও ট্রাম্পের সমর্থন—এই তিনটি বড় চালিকাশক্তি এখন বাজারকে এগিয়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গত ছয়-সাত দিনে এটা খুবই শক্তিশালী ঊর্ধ্বমুখী গতি পেয়েছে, আর এখন এটাকে থামবে বলে মনে হচ্ছে না। এটা খুব সহজেই ১ লাখ ২৫ হাজারের দিকেও এগোতে পারে।’

বছর শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য ২৯ শতাংশ বেড়েছে। বিটকয়েনের এই ঊর্ধ্বগতি পুরো ক্রিপ্টো বাজারেই ইতিবাচক প্রভাব ফেলেছে, এমনকি ট্রাম্পের নানা রকম শুল্ক আরোপের বিশৃঙ্খলার মধ্যেও।

দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩,০৫৯ দশমিক ৬০ দামে পৌঁছেছে। অন্যদিকে এক্সআরপি ও সোলানা প্রায় ৩ শতাংশ করে বেড়েছে।

কয়েনমার্কেটক্যাপ জানিয়েছে, ক্রিপ্টো খাতের মোট বাজারমূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৮১ ট্রিলিয়ন। ওকেক্সের সিঙ্গাপুর শাখার প্রধান গ্রেসি লিন বলেন, ‘আমরা যেটা খুব মনোযোগ দিয়ে দেখছি, তা হলো বিটকয়েন এখন আর শুধুমাত্র খুচরা বিনিয়োগকারী কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে নয়—এমনকি কিছু কেন্দ্রীয় ব্যাংকের কাছেও একটি দীর্ঘমেয়াদী রিজার্ভ অ্যাসেট হিসেবে বিবেচিত হচ্ছে।’

এর আগে জুলাই মাসের শুরুতে ওয়াশিংটন এই সপ্তাহটিকে ‘ক্রিপ্টো সপ্তাহ’ হিসেবে ঘোষণা করেছে। এই সপ্তাহেই কংগ্রেসে ক্রিপ্টো বাজার সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে ভোট হবে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, জিনিয়াস অ্যাক্ট, যা স্থিতিশীল ক্রিপ্টোকারেন্সি বা ‘স্টেবলকয়েন’-এর জন্য একটি জাতীয় নিয়মনীতি প্রতিষ্ঠা করবে।

আরও