প্রশিক্ষণ চলাকালে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুখোই সু-৩০ ও মাইরেজ-২০০০ নামের দুটি যুদ্ধবিমান গতকাল প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটির মধ্যে সুখোইয়ের দুজন পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান দুটির একটি বিধ্বস্ত হয়েছে মধ্যপ্রদেশের মোরেনায় এবং অন্যটি ১০০ কিলোমিটার দূরে রাজস্থানের ভরতপুরে। খবর এনডিটিভি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সুখোই সু-৩০ যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। মাইরেজ-২০০০-এ ছিলেন একজন। এ যুদ্ধবিমান দুটি ভারতীয় বিমান বাহিনীর প্রথম ক্যাটাগরির প্রশিক্ষণ যুদ্ধবিমান। সুখোইয়ের দুই পাইলট বিধ্বস্ত বাহন থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে তাদের হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হয়। তবে এ দুর্ঘটনায় মাইরেজ যুদ্ধবিমানে থাকা পাইলট প্রাণ হারিয়েছেন।
উভয় যুদ্ধবিমান গোয়ালিয়র বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন শুরু করেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মধ্য আকাশে বিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখবে কমিটি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় বলেন, ‘মোরেনার কোলার্যা সের কাছে বিমান বাহিনীর সুখোই-৩০ ও মাইরেজ-২০০০ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছি। আমি প্রার্থনা করি, বিমানের পাইলটরা যেন নিরাপদ থাকেন।’