২০২২ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে। এবার প্রাথমিক বাছাইয়ে নাম এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার ধর্মগুরু পোপ ফ্রান্সিসের।
গত সোমবার এ সম্ভাব্য তালিকা প্রকাশ করেন নরওয়ের আইনপ্রণেতারা। এ তালিকায় ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ার নাম রয়েছে। তালিকায় আরো রয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনরত ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থুনবার্গের নাম।
এছাড়া সামরিক জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্টের নাম পাওয়া গেছে তালিকায়।
দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এই বিষয়ে কিছু জানায়নি। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এ কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। অবশ্য, মনোনোয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু কিছু নাম প্রকাশ করে থাকেন।