ইরানের আকাশে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ভোরে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি লিখেছেন, ‘আমরা তাকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তার জন্য এ অভিযান, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও। আপনাদের জানাতে পেরে আমি আনন্দিত যে তিনি এখন নিরাপদে আছেন!’
তিনি আরও জানান, ওই সেনাসদস্য আহত হয়েছেন, ‘তবে তিনি সুস্থ হয়ে যাবেন।’
একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হলে গত শুক্রবার উচ্চ ঝুঁকিপূর্ণ এ অনুসন্ধান অভিযান শুরু হয়। দুর্ঘটনার কিছুক্ষণ পরই আরেকজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয় এবং তিনি এখন চিকিৎসাধীন।
ট্রাম্প বলেন, নিখোঁজ সদস্যকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠিয়েছিল।
এ অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি আরো দাবি করেন, ‘সামরিক ইতিহাসে এটাই প্রথম, যখন শত্রু অঞ্চলের গভীরে আলাদাভাবে দুজন মার্কিন পাইলটকে উদ্ধার করা হলো। আমরা কখনো কোনো আমেরিকান যোদ্ধাকে ফেলে আসি না!’
ইরানি বাহিনী কীভাবে ওই যুদ্ধবিমানটিকে ভূপাতিত করেছিল, তা উল্লেখ না করেই ট্রাম্প বলেন, এ দ্বৈত উদ্ধার অভিযান ‘ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য ও শ্রেষ্ঠত্ব’ প্রমাণ করে।
তিনি আরো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত, যা নিয়ে সব আমেরিকান রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং অন্য সবাই গর্বিত হতে পারে ও ঐক্যবদ্ধ হতে পারে। আমাদের কাছে বিশ্বের ইতিহাসের সেরা, সবচেয়ে পেশাদার ও শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন, আমাদের সেনাদের রক্ষা করুন, এবং সবাইকে ইস্টারের শুভেচ্ছা!’
সূত্র: সিএনএন