ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য

সফরে ইউক্রেনকে ব্রিটিশ ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিজস্ব সংস্করণ তৈরির নকশা দেয়ার বিষয়ে বার্নহামের একটি চুক্তি ঘোষণার কথা রয়েছে। প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ইউক্রেনে গেছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভ সফরে গিয়ে দেশটির নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সহায়তা দেয়ার ঘোষণার কথা রয়েছে তার। খবর বিবিসি।

সফরে ইউক্রেনকে ব্রিটিশ ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিজস্ব সংস্করণ তৈরির নকশা দেয়ার বিষয়ে বার্নহামের একটি চুক্তি ঘোষণার কথা রয়েছে। প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সফরে ইউক্রেনকে সমর্থনকারী ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। নতুন দায়িত্ব নেয়ার পর এ জোটের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন বার্নহাম।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রায় এক মাস আগে পোর্টসমাউথে দুজনের প্রথম বৈঠক হয়েছিল।

ইউক্রেন একইসঙ্গে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা মোকাবেলায় আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি চায়। তবে স্টর্ম শ্যাডোর নকশা হস্তান্তরকে ইউক্রেনের সঙ্গে মিত্রদের সামরিক প্রযুক্তি ভাগাভাগির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে বার্নহামের এ সফরের আগে গত সপ্তাহে ইউক্রেনের ব্রিটিশ ড্রোন ব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। ফলে তার এ সফরকে ইউক্রেনের প্রতি ব্রিটিশ সামরিক ও রাজনৈতিক সমর্থনের স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরও