ইউক্রেনের ওপর ফের বড় হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারে রাশিয়া শত শত ড্রোন ও অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালায়। এ হামলা ছিল এ মাসের মধ্যে চতুর্থ বড় হামলা। হামলায় রোমানিয়ার সীমান্তে থাকা ইউক্রেনের চেরনিভতসি শহরে দুইজন মারা যান। খবর বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ৫৯৭টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে দুইজন নিহত, ২০ জন আহত হয় এবং খারকিভ, লিভিভ, লুতস্ক ও চেরনিভতসির মতো শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩১৯টি ড্রোন ভূপাতিত করেছে এবং আরো ২৫৮টি ড্রোন বিভিন্নভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে আরো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, এই যুদ্ধ কেবল শক্তির মাধ্যমে থামানো সম্ভব। আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে শুধু আশা নয়, এমন পদক্ষেপ চাই যা আমাদের দেশের মানুষের জীবন রক্ষা করবে।
এ হামলাটি সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে সংঘটিত একের পর এক বড় আকাশ পথে হামলার সর্বশেষ ঘটনা। রাশিয়া জুন মাস থেকে ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, জুন মাসে গত তিন বছরে সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে ২৩২ জন নিহত এবং ১ হাজার ৩৪৩ জন আহত হয়েছে।