ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র

সম্ভাব্য এ অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিদেশী সামরিক অর্থায়নের মাধ্যমে চুক্তির বেশির ভাগ অর্থ দেয়া হবে। এ ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেয়া হয় এবং ইসরায়েল সেই অর্থ দিয়ে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনে

ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে দুই হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা সরবরাহের পরিকল্পনা করছে। ২৮০ কোটি ডলারের একটি আসন্ন অস্ত্র চুক্তির আওতায় এসব বোমা পাঠানো হবে। গাজায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি হওয়ায় দুই বছর আগে তৎকালীন বাইডেন প্রশাসন এসব বোমার সরবরাহ স্থগিত করেছিল। খবর এপি।

দুই মার্কিন কর্মকর্তা এবং পরিকল্পনার সঙ্গে পরিচিত এক ব্যক্তি গতকাল এ তথ্য জানিয়েছেন। চুক্তিটি এখনো চূড়ান্ত না হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা কথা বলেন। তাদের তথ্যানুযায়ী, ২৮০ কোটি ডলারের প্যাকেজে মোট ৪০ হাজার বোমা রয়েছে। এর মধ্যে ২০ হাজার এমকে৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা।

সম্ভাব্য এ অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিদেশী সামরিক অর্থায়নের মাধ্যমে চুক্তির বেশির ভাগ অর্থ দেয়া হবে। এ ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেয়া হয় এবং ইসরায়েল সেই অর্থ দিয়ে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনে।

ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে ট্রাম্প প্রশাসনের নেয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষটি হলো এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি। গাজায় ইসরায়েলি হামলায় গত কয়েক বছরে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসাযজ্ঞে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও সহিংসতা অব্যাহত রয়েছে।

নতুন করে অস্ত্র বিক্রির পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে কিছুটা টানাপড়েন থাকলেও তা যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের ঘনিষ্ঠ সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। বিশেষ করে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তাদের সম্পর্কে কিছু মতপার্থক্য দেখা দিয়েছিল। বছরের পর বছর ধরে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কে কখনো ঘনিষ্ঠতা, কখনো দূরত্ব দেখা গেছে। জুলাইয়ে হোয়াইট হাউজে সর্বশেষ বৈঠকের আগে ইরান সংঘাত নিয়ে নেতানিয়াহুর প্রতি কিছুটা হতাশাও প্রকাশ করেছিলেন ট্রাম্প।

গত বছর ট্রাম্প প্রশাসন কংগ্রেসের প্রচলিত পর্যালোচনা প্রক্রিয়া পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে প্রায় ৩০০ কোটি ডলারের একটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। ওই চুক্তিতে ৩৫ হাজার ৫০০টির বেশি বোমা ছিল। এর পর চলতি বছরের জানুয়ারিতে প্রশাসন ইসরায়েলের কাছে মোট ৬৬৭ কোটি ডলারের নতুন একাধিক অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।

দুই হাজার পাউন্ড ওজনের বোমাগুলোর একাধিক ধরন রয়েছে। এর মধ্যে কিছু বোমা মাটির গভীরে থাকা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি, আবার কিছু মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী কী ধরনের বোমা ও গোলাবারুদ ব্যবহার করেছে, সে বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে। তবে হামলার ভিডিওচিত্র এবং ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরণের ধ্বংসাবশেষ বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা মনে করেন, সেখানে যুক্তরাষ্ট্রে তৈরি এসব বোমা ব্যবহার করা হয়েছে। সাধারণত বলা হয়ে থাকে, হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ট ধ্বংসে এসব বোমা ব্যবহৃত হয়। কিন্তু এতে ঘনবসতিপূর্ণ এলাকায় অনেক মানুষও নিহত হয়েছেন।

২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ২৬৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর নিহত ব্যক্তিরাও এই সংখ্যার মধ্যে রয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আরও