মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে অবস্থিত ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। বুধবার রাতে চালানো এ হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন। খবর বিবিসি।
রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) মতো শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলা চালাল মিয়ানমার সামরিক বাহিনী। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বিবিসিকে বলেন, ‘সন্ত্রাসী সামরিক বাহিনীর এটি বেসামরিক স্থান লক্ষ্য করে চালানো সর্বশেষ জঘন্য হামলা। বেসামরিকদের ওপর বোমা হামলার দায় সামরিক বাহিনীকে নিতে হবে।‘
আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টার দিকে সংঘটিত এ হামলায় ঘটনাস্থলেই ১০ জন রোগী নিহত হন এবং বহু মানুষ আহত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে হাসপাতালের কমপ্লেক্সের ছাদ উধাও, ভাঙা বিছানা এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত।
আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারের জান্তা সরকার সাধারণ নির্বাচনের ডাক দিয়েছে। তবে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজসহ সমালোচকরা এই নির্বাচনকে ‘ছদ্ম নির্বাচন’ বলে আখ্যা দিয়েছেন। কারণ, এ নির্বাচন সামরিক সরকারকে বৈধতার আবরণ দেবে।