এপেক সম্মেলন

মুক্ত বাণিজ্যের যুগ শেষ হয়েছে: কানাডার প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

কার্নি বলেন, ‘যে পুরনো বিশ্বে নিয়মভিত্তিক ও উদার বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক সম্প্রসারণ চলত, যার ওপর আমাদের দেশের সমৃদ্ধি গড়ে উঠেছিল, সেই বিশ্ব এখন আর নেই।’

বিশ্ব অর্থনীতি এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সে পরিবর্তনের যুগে নিয়মভিত্তিক মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সময় শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিত এপেক (এপিইসি) সম্মেলনের উদ্বোধনী দিনে এ মন্তব্য করেন তিনি।

কার্নি বলেন, ‘যে পুরনো বিশ্বে নিয়মভিত্তিক ও উদার বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক সম্প্রসারণ চলত, যার ওপর আমাদের দেশের সমৃদ্ধি গড়ে উঠেছিল, সেই বিশ্ব এখন আর নেই।’ কানাডা এখন যুক্তরাষ্ট্রনির্ভর বাণিজ্য থেকে সরে এসে আগামী এক দশকে অন্যান্য দেশে রফতানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে বলেও জানান তিনি।

এরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী। ২০১৭ সালের পর এটাই দুই দেশের শীর্ষনেতৃস্থানীয় পর্যায়ের প্রথম বৈঠক। এ সময় কার্নি বলেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে’ আগ্রহী কানাডা। দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে ফেরাতে চীনও কানাডার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান শি জিনপিং। কার্নিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে শি আরো বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় চীন-কানাডা সম্পর্ক ইতিবাচক পুনরুদ্ধারের পথে এগোচ্ছে।

তবে এপেক সম্মেলনের একই দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুক্ত বাণিজ্যের পক্ষে জোরালো সাফাই দিয়েছেন। যা অনেকেই ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি প্রত্যুত্তর হিসেবে দেখছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি অনুযায়ী, শি বলেন, ‘সময় যতই অস্থির হোক না কেন, আমাদের আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। বিশ্ব এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে; আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে।’

দুদিনের এ সম্মেলনের আলোচনায় সরবরাহ ব্যবস্থা ও মুক্ত বাণিজ্যই মূল আলোচ্য বিষয়। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

আরও