দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হি (৫২) দুর্নীতি, শেয়ার কারসাজি ও ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সিউলের এক আদালত প্রমাণ নষ্টের ঝুঁকির কথা উল্লেখ করে তার বিরুদ্ধে আটকাদেশ জারি করে। খবর বিবিসি।
অভিযোগ অনুযায়ী, কিম ডয়েচ মোটরসের শেয়ার কারসাজির মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন উন (প্রায় ৫ দশমিক ৭৭ লাখ মার্কিন ডলার) লাভ করেন এবং ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধার বিনিময়ে দামি উপহার নেন। এছাড়া তিনি ২০২২ সালের উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগেও অভিযুক্ত।
সামরিক আইন জারি করার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ইউন সুক-ইওল আটক হন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এবারই প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী দুজনই একই সময়ে কারাগারে আছেন।