গ্রেফতার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেন জি’ বিক্ষোভ চলাকালে নিহতের ঘটনা প্রতিরোধে গাফিলতি করেছেন কি-না সেই তদন্তের অংশ হিসেবে আটক হলেন তিনি। আজ এ তথ্য জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা। আরো গ্রেফতার হয়েছে ওলির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। খবর রয়টার্স।
র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আটক হলেন। এর আগে গত সপ্তাহে বিক্ষোভে সহিংসতার তদন্তে গঠিত একটি নেপালি প্যানেল সুপারিশ করেছিল, গাফিলতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।
দুদিনের ওই সহিংসতায় মোট ৭৬ জন নিহত হন, যার পরিণতিতে ওলি পদত্যাগ করেন।
পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, ওলি ও লেখক দুজনকেই কাঠমান্ডু পুলিশ কার্যালয়ে আটক রাখা হয়েছে। আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে তাদের আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, ‘তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা তাদের গ্রেফতার করেছি।’
৭৪ বছর বয়সী ওলি আগে দুবার কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। গ্রেফতারের পর পুলিশ কার্যালয় থেকে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওলির আইনজীবী টিকারাম ভট্টারাই বলেছেন, এ গ্রেফতার অযৌক্তিক। তিনি বলেন, ‘তারা বলছে তদন্তের জন্য গ্রেফতার। কিন্তু এটি অবৈধ ও অনুচিত। কারণ পালিয়ে যাওয়ার বা জিজ্ঞাসাবাদ এড়ানোর কোনো ঝুঁকি নেই।’
তদন্ত প্যানেলটি মনে করে, বিক্ষোভের প্রথম দিন কয়েক ঘণ্টা ধরে চলা গুলিবর্ষণ বন্ধে কোনো পদক্ষেপ না নেয়ার জন্য ওলি দায়ী। ওই সময় অন্তত ১৯ জন তরুণ বিক্ষোভকারী নিহত হন। এসব মৃত্যু নিয়ে জনরোষই সাম্প্রতিক নির্বাচনে বালেন্দ্র শাহ’র দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে বড় ধরনের বিজয় এনে দেয়।