রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে অন্তত ছয়জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশু নিহত ও তাদের দুই অভিভাবক আহত হয়েছেন। শনিবার দুই দেশের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাতভর রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর দারনিতস্কি জেলায় একটি গুদামে আগুন ধরে যায়। এতে একজন নিহত হয়েছেন।
খেরসন অঞ্চলে রুশ হামলায় বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, এসব হামলায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলেও রুশ হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন ক্রামাতোরস্ক শহরের বাসিন্দা বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন।
সুমি অঞ্চলে একটি বাড়িতে ড্রোন হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন। একই অঞ্চলে পৃথক কয়েকটি ড্রোন হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খেরসন শহরে ড্রোন হামলায় একটি বিপণিবিতানে আগুন ধরে গেলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বাড়িতে দুই শিশু নিহত ও তাদের দুই অভিভাবক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে শুক্রবারের রুশ হামলার পরও উদ্ধার অভিযান চলছে। শহরের সানি গ্যালারি শপিং কমপ্লেক্সের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রুশ বাহিনী জেটচালিত শাহেদ ড্রোন ব্যবহার করে শহরের সবচেয়ে বড় শপিং সেন্টারে হামলা চালায়। প্রথম হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এ সময় উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা শনিবার সকালে জানান, ক্রিভি রিহে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৩০ জনের বেশি। আহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে।
শুক্রবারের হামলাকে ‘চরম নিন্দনীয় ও জঘন্য’ এবং ‘বর্বর কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়’।
-খবর আল জাজিরা