ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি মানিক সাহা। সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগের একদিন পরই রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আজ রোববার আগরতলার রাজভবনে তার শপথ পাঠ করান রাজ্যটির গভর্নর এস.এন. আর্য্য।
বিজেপির রাজ্য ইউনিটের অন্তর্দ্বন্দ্বের মধ্যে গতকাল শনিবার হঠাৎ করেই পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। মেয়াদপূর্তির আগেই পদত্যাগপত্র জমা দেন তিনি। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক করে ফিরে পদত্যাগপত্র জমা দেন বিপ্লব। তার পদত্যাগের পরেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম উঠে আসে।
মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
এর আগে গতকাল বিজেপির বিধায়ক দলের সভায় দলের সংসদীয় কমিটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মানিক। ওই সভা থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে তার নিয়োগের ঘোষণাটি আসে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নিয়োগের বিষয়টি মেনে নিতে পারেননি ডেপুটি মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা ও মন্ত্রী রাম প্রসাদ পাল। প্রতিবাদ জানিয়ে সভাস্থলেই চেয়ার ভাঙচুর করেন তারা। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তারা রাজভবনে উপস্থিত হন।
এদিকে বিজেপির শাসনে রাজ্যে ‘ফ্যাসিবাদী-ধরনের সহিংসতা’র অভিযোগ এনে মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানটি বয়কট করে বিরোধী দল সিপিআই(এম)-এর বিধায়করা।