জনমত জরিপ

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর আস্থা ইতিবাচক

নিজের দেশ ছাড়া অন্যান্য দেশের প্রভাব মূল্যায়নে ৪২ শতাংশ মানুষ রাশিয়াকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। একই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। তবে বৈশ্বিক মোড়ল হিসেবে যুক্তরাষ্ট্র কিংবা চীনকে মেনে নেয়ার ক্ষেত্রে বিশ্ববাসীর আগ্রহ বেশ তলানিতে। বরং অধিকাংশ মানুষই দুই পরাশক্তিকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন।

রকফেলার ফাউন্ডেশন পরিচালিত এক জরিপের ফলাফলে এসব তথ্য মিলেছে। গত ২১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৪টি দেশের ৩৫ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, প্রায় ৬১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র বা চীনকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেয়ার উপযুক্ত মনে করে না। বরং তারা মনে করেন, এ দুই পরাশক্তিকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলোর পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা উচিত। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৭০ শতাংশই মনে করেন, গত এক বছরে বৈশ্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

জরিপে অংশ নেয়া মাত্র ৩৮ শতাংশ মানুষ মনে করেন, আগামী পাঁচ বছরে তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে উন্নতি আসবে। তবে জরিপে অংশ নেয়া ৫০ শতাংশ ভারতীয় ও ৫৬ শতাংশ চীনা নাগরিক তাদের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আশাবাদী নন।

চীন-যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ হলেও বৈশ্বিক নেতৃত্বে ইতিবাচক জনমত পাওয়ার দিকে এগিয়ে কানাডা, জাপান ও অস্ট্রেলিয়া। এর পরই অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও জাতিসংঘ । অন্যদিকে, মাত্র ৩৯ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে এবং ৩৭ শতাংশ মানুষ চীনকে বৈশ্বিক নেতৃত্বের আসনে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাশিয়ার ক্ষেত্রে এ সমর্থনের হার আরো কম, মাত্র ২৬ শতাংশ।

রকফেলার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এরিক পেলোফস্কির মতে, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় ধরণের ভূ-রাজনৈতিক ধাক্কা, কারণ আন্তর্জাতিক সংকট সমাধানে বিশ্ববাসী এখন আর ‘‌আমেরিকা কী ভাবছে’ তা জানতে উদগ্রীব নয়। এ ফলাফল প্রমাণ করে যে আন্তর্জাতিক নীতিতে ‘‌মধ্যম শক্তিগুলোর’ ভূমিকা এখন বিশ্বজুড়ে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে।

রাজনীতি ও বৈশ্বিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভাবমূর্তি বেশ উজ্জ্বল হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর মানুষের আস্থা গত বছরের ৬১ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশে পৌঁছেছে। একই সময়ে জাতিসংঘের গ্রহণযোগ্যতা ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশ হয়েছে। গত বছরের জরিপে নেতিবাচক স্কোরে থাকা বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক অপরাধ আদালত এবার ভালো সাফল্য দেখিয়েছে।

নিজের দেশ ছাড়া অন্যান্য দেশের প্রভাব মূল্যায়নে ৪২ শতাংশ মানুষ রাশিয়াকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। একই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন । ইউরোপের ১৪টি দেশে রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে দেখা হয়েছে। অন্যদিকে, বিশ্বের ১৫টি দেশের মানুষ যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় সামরিক ও কৌশলগত হুমকি হিসেবে দেখছেন।

আরও