মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে আরো বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক ও কূটনৈতিক নেতৃত্ব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো স্থাপনা বা অবকাঠামোকে তারা লক্ষ্যবস্তু করতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে সমর্থন জানিয়ে ‘অনেক দেশ’ যুদ্ধজাহাজ পাঠাতে পারে। খবর রয়টার্স।
যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে পরিস্থিতির নতুন মোড় হিসেবে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোর প্রতি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত বন্ধ করে রেখেছে। এতে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এ পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ করতে বদ্ধপরিকর এবং তিনি আশা প্রকাশ করেছেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের নিজেদের স্বার্থেই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে।
ট্রাম্পের এই আহ্বানের প্রেক্ষাপটে ইরানের সামরিক মুখপাত্র কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট বা মার্কিন স্বার্থ রক্ষা করছে এমন যেকোনো অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ আমিরাতে তেল লোডিং কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং ইরানের সামরিক বাহিনী আমিরাতের জনগণকে বন্দর ও মার্কিন ঘাঁটিগুলোর কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
অন্যদিকে, মার্কিন বাহিনী ইরানের প্রধান তেল রফতানিকেন্দ্র খার্গ দ্বীপে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এই দ্বীপে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, তবে হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন তিনি।