ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়। বেশ কয়েকটি প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির বেসরকারি বিমান সংস্থাগুলো। পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। খবর এপি।
ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে, তারা শ্রীনগর, ধর্মশালা, লেহ, জম্মু এবং অমৃতসরগামী ফ্লাইট বাতিল করেছে। কারণ এসব অঞ্চলের বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়া হয়নি।
অন্য দুইটি ভারতীয় এয়ারলাইন্সও জানিয়েছে, তারা অন্তত বুধবারের বাকি সময় পর্যন্ত শ্রীনগরসহ উত্তর ভারতের কিছু বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট স্থগিত রাখবে।
শ্রীনগরের প্রধান বিমানবন্দরটির পরিচালক জাভেদ আনজুম জানান, ভারতীয় বিমানবাহিনীর নির্দেশে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরটি ভারতীয় বিমানবাহিনী পরিচালনা করে।
কাশ্মীর প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত সাতটি সীমান্তবর্তী অঞ্চলে সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে শ্রীনগর বিমানবন্দরের আশপাশের এলাকায়ও শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনার প্রভাব ধীরে ধীরে অভ্যন্তরীণ নাগরিক জীবনেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।