সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। হামলায় একটি বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা। এ ঘটনার পর রিয়াদগামী কিছু ফ্লাইট স্থগিত করেছে কয়েকটি এয়ারলাইনস। খবর মিডল ইস্ট আই।
এর আগে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন এ হামলা করা হয়।
বিষয়টি সম্পর্কে অবহিত অন্তত তিনজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের কাছে পার্ক করা সৌদিয়া এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানে আগুন ধরে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষ বা অন্য কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানান।
তাদের ধারণা, আগুন লাগার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। তবে কেউ আহত হয়েছেন কি না, তা তারা নিশ্চিত করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইটগুলো বন্ধ করে দেয়া হয়। সেইসঙ্গে যাত্রীদের থেকে চলে যেতে বলা হয় এবং সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
এভিয়েশন বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে শুক্রবার আরো ৩১টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, চলতি সপ্তাহে রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।