চুক্তি না হলে মার্কিন বাহিনী হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত: ট্রাম্প

১৬ আপডেট
  • ২১ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি বন্ধ রাখায় ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে একমত ইইউ

    ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়াতে সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিইয়নের (ইইউ) দেশগুলো। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি অবরোধের জন্য এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে ইরান।

    তিনি আরো জানান, লুক্সেমবার্গে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যে ইইউ-এর নৌ-মিশনকে আরো শক্তিশালী করার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে নৌ-মিশনটি লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে।

    সূত্র- আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের জবাবের অপেক্ষায় পাকিস্তান: তথ্যমন্ত্রী

    পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইসলামাবাদের পরবর্তী দফার আলোচনায় ইরান অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে তাদের আনুষ্ঠানিক জবাবের জন্য পাকিস্তান এখনও অপেক্ষা করছে।

    তারার বলেন, পাকিস্তান এখনও কূটনীতি ও সংলাপের পথে অগ্রসর হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের এ সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ খুব শিগগিরই শেষ হতে চলেছে।

    সূত্র- আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানের

    যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এতে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান উভয় পক্ষকেই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

    সূত্র- আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে ইরান, বললেন ট্রাম্প

    ইরান আটজন নারীকে ফাঁসি দেয়ার পরিকল্পনা করছে—এমন একটি অসমর্থিত সংবাদের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে লিখেছেন: ইরানি নেতাদের উদ্দেশ্যে বলছি, যারা শিগগিরই আমার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন—এ নারীদের মুক্তি দিলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

    তিনি আরো বলেন, আমি নিশ্চিত, (আপনার দেশের মানুষ) আপনাদের এ পদক্ষেপকে সম্মান জানাবে। দয়া করে তাদের কোনো ক্ষতি করবেন না! আমাদের আলোচনার জন্য এটি একটি দারুণ সূচনা হতে পারে!

    সূত্র- আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সামরিক বাহিনী ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ও পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

    ট্রাম্প তার পোস্টে ইরানকে ‘রক্তপিপাসু’ হিসেবে অভিহিত করে বলেন, মার্কিন হামলায় তেহরানের পারমাণবিক সক্ষমতা এমন পর্যায়ে ধ্বংস করা হয়েছে যে, সেখান থেকে কোনো কিছু উদ্ধার বা খনন করে বের করা সম্ভব না।

    একই সঙ্গে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেছেন। ইরান ও ইসরায়েল-আমেরিকা যুদ্ধ নিয়ে নেতিবাচক খবর প্রচারের দায়ে তিনি গণমাধ্যমকে ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ও ভুয়া’ বলে আখ্যা দেন।

  • ২১ এপ্রিল, ২০২৬

    চুক্তি না হলে মার্কিন বাহিনী হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত: ট্রাম্প

    যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির এ সময়কালে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে... আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।

    নির্দেশ পাওয়ামাত্রই মার্কিন বাহিনী হামলা চালাতে সক্ষম জানিয়ে ট্রাম্প আরো বলেন, আমরা প্রস্তুত। সামরিক বাহিনী (অভিযান শুরুর জন্য) মুখিয়ে আছে।

    সূত্র- আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

    গতকাল সোমবার আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে আজ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।

    সূত্র- রয়টার্স

  • ২১ এপ্রিল, ২০২৬

    যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে চান না ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ তিনি আর বাড়াতে চান না। সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই।

    তিনি আরো বলেন, ইরান যদি চুক্তিতে আসে, তবে তারা নিজেদের অত্যন্ত মজবুত অবস্থানে নিয়ে যেতে পারবে। তিনি আরো বলেন, ইরানি কর্মকর্তাদের সামনে আলোচনা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

    সূত্র আল জাজিরা

  • ২১ এপ্রিল, ২০২৬

    নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী: পেন্টাগন

    পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই এটি সম্পন্ন হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা রাইট অব ভিজিট আইনের অধীনে কোনো দেশের অধীনে না থাকা ও নিষেধাজ্ঞাভুক্ত এমটি টিফানি নামের জাহাজকে সমুদ্রে থামিয়েছে এবং এতে তল্লাশি চালিয়েছে।

    এ অভিযানের কিছু ছবি ও ভিডিওও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। তারা বলেছে, ইরানকে সহায়তা দেয়া নিষিদ্ধ জাহাজ ও অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি রাখা হবে ও অভিযান অব্যাহত রাখা হবে – সে তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন।

    তারা আরো বলেছে, নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমা কোনো নিরাপদ আশ্রয় নয়।

    সূত্র- বিবিসি বাংলা

  • ২১ এপ্রিল, ২০২৬

    মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ, দাবি ইরানি সেনাবাহিনীর

    ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।

    দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

    অন্যদিকে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

    সূত্র- বিবিসি বাংলা

  • ২১ এপ্রিল, ২০২৬

    ইরানি কোনো প্রতিনিধিদল এখনো ইসলামাবাদে পৌঁছেনি: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানিয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। না মূল বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, না গৌণ বা ছোট দল, না প্রাথমিক কোনো দল, না পরবর্তী বা ফলোআপ কোনো দল সেখানে গেছে।

    বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে গুজব বলা হয়েছে পোস্টটিতে।

    এতে ইরানের কর্মকর্তাদের পূর্বের অবস্থানকেই পুনর্ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফের বক্তব্যও রয়েছে, তিনি বলেছিলেন হুমকির মুখে দাঁড়িয়ে তেহরান কোনো আলোচনা গ্রহণ করবে না।

    সূত্র- বিবিসি

  • ২১ এপ্রিল, ২০২৬

    আটক করা জাহাজ ও ক্রুদের অবিলম্বে ফেরত চেয়েছে ইরান, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

    ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে আটক পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দাবি করেছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ দাবি জানানো হয়।

    জাহাজ আটকের ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অপরাধমূলক কাজ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। এ ঘটনার ফলে পরিস্থিতির যেকোনো অবনতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

    এর আগে গত রোববার ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে গুলি চালায় এবং তা জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

    সূত্র- গালফ নিউজ

  • ২১ এপ্রিল, ২০২৬

    ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ হবে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া: ট্রাম্প

    ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে তিনি লেখেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।

    গত বছরের জুনে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো অপারেশন মিডনাইট হ্যামারে দেশটির ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।

    সূত্র- আনাদোলু

  • ২১ এপ্রিল, ২০২৬

    ইরান যুদ্ধে ‘অবিবেচনাপ্রসূত’ ব্যয় যুক্তরাষ্ট্রের, বাঁচানো যেতো কোটি কোটি জীবন: জাতিসংঘ

    জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএর প্রধান টম ফ্লেচার বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পেছনে যে বিপুল অর্থ ব্যয় করছে যুক্তরাষ্ট্র। তা দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো।

    লন্ডনের চ্যাথাম হাউজে বক্তৃতায় তিনি বলেন, এ সংঘাতে প্রতিদিন প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। অথচ তার নেতৃত্বাধীন মানবিক সংস্থার একটি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার জন্য প্রয়োজন মাত্র ২৩ বিলিয়ন ডলার, যা দিয়ে ৮ কোটি ৭০ লাখ মানুষের জীবন রক্ষা করা যেত। তিনি বলেন, ‘এই অবিবেচক যুদ্ধের মাত্র দুই সপ্তাহের ব্যয়েই আমরা সেই পুরো পরিকল্পনা অর্থায়ন করতে পারতাম।‘

    ফ্লেচার সতর্ক করে বলেন, যুদ্ধ ও সহিংসতার ভাষা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেমন কোনো দেশকে ‘পাথরের যুগে ফিরিয়ে দেয়া’র হুমকি, যা বিশ্বজুড়ে স্বৈরাচারী নেতাদের একই ধরনের আচরণে উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে।

    তিনি আরো জানান, বিশ্বব্যাপী মানবিক সহায়তা খাতে বর্তমানে ৫০ শতাংশ বাজেট সংকোচন চলছে, যার পেছনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির চাপ ও নীতিগত পরিবর্তন কাজ করছে।

    ফ্লেচার বলেন, খাদ্য ও জ্বালানি মূল্যস্ফীতি প্রায় ২০ শতাংশে পৌঁছাতে পারে। এর প্রভাব দীর্ঘমেয়াদে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় আরো তীব্র হবে।

    সূত্র: দ্য গার্ডিয়ান

  • ২১ এপ্রিল, ২০২৬

    জ্বালানি তেলের বাজারে শান্তি আলোচনা নিয়ে আশাবাদ

    জ্বালানি তেলের দাম গতকালের তুলনায় কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শিগগিরই শুরু হতে পারে এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়তে পারে এমন প্রত্যাশা করছে বাজার।

    গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় বেড়েছিল। আজ প্রাথমিক লেনদেনে সেখান থেকে কিছুটা কমে এসেছে।

    অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৬ শতাংশ বা ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্ট। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) মে মাসের চুক্তি ১ দশমিক ২ শতাংশ বা ১ ডলার ১১ সেন্ট কমে ৮৮ ডলার ৫০ সেন্টে নেমেছে। মে মাসের চুক্তির মেয়াদ আজ শেষ হচ্ছে, আর জুনের সরবরাহ চুক্তি দশমিক ৯ শতাংশ বা ৭৬ সেন্ট কমে ৮৬ ডলার ৬৬ সেন্টে দাঁড়িয়েছে।

    গতকাল দুই বেঞ্চমার্কেই উল্লম্ফন দেখা যায়। ব্রেন্টের দাম ৫ দশমিক ৬ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ৬ দশমিক ৯ শতাংশ। তেহরানের ফের হরমুজ প্রণালি বন্ধ এবং ইরানের একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার প্রভাব দেখা গিয়েছিল বাজারে।

    তবে এখন বিনিয়োগকারীদের মনোযোগ সম্ভাব্য আলোচনার দিকে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে। যেখানে চলমান যুদ্ধবিরতি বাড়তে বা দেশ দুটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে। যদিও সংঘাত আরো বাড়ার এবং জ্বালানি তেল সরবরাহে বিঘ্নের ঝুঁকি রয়ে গেছে।

    সূত্র: রয়টার্স

  • ২১ এপ্রিল, ২০২৬

    যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রাক্তন মার্কিন সেনা ও পরিবারের সদস্যদের গ্রেফতার

    ৬০ জনের বেশি বর্ষীয়ান মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যদের ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছেন।

    ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ক্যানন হাউজ অফিস বিল্ডিং দখল করে অবস্থান নেন তারা। এতে অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়। বিক্ষোভটি আয়োজন করেছিল বেশ কয়েকটি ভেটেরান সংগঠন।

    প্রতিবাদকারীরা লাল টিউলিপ ফুল হাতে নিয়ে ক্যানন ভবনের হল ঘরে জড়ো হয়ে ইরানে মার্কিন হামলায় নিহতদের স্মরণে করেন। ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার প্রদর্শন করেন তারা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘাতে এখন পর্যন্ত নিহত ১৩ মার্কিন সেনাসদস্যকে স্মরণ করে একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন অংশগ্রহণকারীরা এবং যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন।

    পরে ক্যাপিটল পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের হাত পেছনে জিপ-টাই দিয়ে বেঁধে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

    সূত্র: দ্য হিল

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ থাকবে: ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত দেশটির বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনা হবে কি-না, এমন অনিশ্চয়তার মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।

এক সপ্তাহ আগে শুরু হওয়া এ অবরোধ ‘পুরোপুরি ইরানকে ধ্বংস করে দিচ্ছে’ বলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প। তিনি আরো দাবি করেন, এ সংঘাতে যুক্তরাষ্ট্র ‘অনেক ব্যবধানে এগিয়ে’ রয়েছে।

ট্রাম্পের এ মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। তবে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আদৌ হবে কি-না, তা এখনো নিশ্চিত নয়।

হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

পাকিস্তানের রাজধানীতে সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে, ইরান জানিয়েছে তারা বৈঠকে অংশ নেবে কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করা হয়েছে, যা রোববার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল।

সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটিকে আগে সতর্ক করা হয় এবং পরে মার্কিন সেনারা সেটিতে ওঠে অভিযান চালায়। তেহরান এ ঘটনাকে ‘দস্যুতা’ এবং দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, ইরানও প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিজস্ব অবরোধ বজায় রেখেছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য রুটটি খুলে দেয়া হলেও পরে মার্কিন অবরোধের জবাবে আবার বন্ধ করে দেয়া হয়।

সূত্র: বিবিসি

আরও