মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের জনবহুল একটি বাজার এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। খবর নিউ ডে মিয়ানমার।
দেশটির স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিয়াউকতাওয়ের ইন্ডিয়া মার্কেট ও কাসাপা নাদি সেতুর কাছে এ হামলা হয়। আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত ওই এলাকায় হামলার পর সংগঠনটি জানিয়েছিল, এতে ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
স্থানীয় সূত্রের বরাতে নিউ ডে মিয়ানমার জানায়, আহতদের একজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। গুরুতর আহত কয়েকজন এখনো চিকিৎসাধীন থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
হামলার পর বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজনের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যায়। এতে নিহতদের শনাক্ত ও প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত নিহতের সংখ্যা বর্তমান হিসাবের চেয়েও বেশি হতে পারে বরে জানান তারা।
কিয়াউকতাও ও রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি। সংগঠনটির দাবি, মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ওই এলাকায় বোমা হামলা চালায়। হামলার সময় বাজারটিতে বিপুলসংখ্যক বিক্রেতা, ক্রেতা ও পথচারী ছিলেন।
হামলার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে বাজার এলাকার ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কাসাপা নাদি সেতুরও কিছু অংশ।
কিয়াউকতাওয়ে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।