হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পঘণিষ্ঠ প্রার্থীকে বিজয়ী ঘোষণা

নাসরি আসফুরা ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। খুব অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লাকে পরাজিত করেছেন তিনি। সালভাদোর নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বিতায় অনেক পিছিয়ে তৃতীয় হয়েছেন ক্ষমতাসীন লিব্রে পার্টির প্রার্থী রিক্সি মনকাদা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরাকে বুধবার হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের তিন সপ্তাহেরও বেশি সময় পর এ ঘোষণা এলো। বিলম্বিত ও দীর্ঘায়িত আয়োজন, কারিগরি সমস্যা ও জালিয়াতির অভিযোগে দেশটির এবারের নির্বাচন বেশ বিতর্কিত হয়েছে।

হন্ডুরাসের নির্বাচন কর্তৃপক্ষ সিএনই জানায়, নাসরি আসফুরা ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। খুব অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লাকে পরাজিত করেছেন তিনি। সালভাদোর নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বিতায় অনেক পিছিয়ে তৃতীয় হয়েছেন ক্ষমতাসীন লিব্রে পার্টির প্রার্থী রিক্সি মনকাদা।

নির্বাচনী প্রচারণায় ব্যবসাবান্ধব বিস্তৃত কর্মসূচির ওপরে গুরুত্ব দিয়েছিলেন নাসরি আসফুরা। তার ভাষ্যমতে, হন্ডুরাসকে এগিয়ে নিতে বেসরকারি বিনিয়োগ অপরিহার্য। এছাড়া কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপত্তাকেও রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে নিয়ে আসেন তিনি।

এছাড়া তাইওয়ানকে সমর্থন দেয়ার পাশাপাশি হন্ডুরাসকে বেইজিংয়ের কাছ থেকে সরিয়ে আনতে পারেন তিনি।

তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যালট প্রক্রিয়াকরণে বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশটির এবার নির্বাচন বেশ বিতর্কিত হয়ে উঠেছে। ব্যাপক বিশৃঙ্খলার কারণে এবার দেশটিতে কয়েক লাখ ভোট হাতে গুণতে হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ চললেও দুই নির্বাচন কমিশনার ও একজন ডেপুটি এ ফলাফলে অনুমোদন দেন। তবে তৃতীয় কমিশনার মার্লন ওচোয়া নাসরি আসফুরাকে বিজয়ী ঘোষণার সংক্রান্ত ভিডিওতে উপস্থিত ছিলেন না।

ফলাফল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসফুরা বলেন, “হন্ডুরাস: আমি শাসন করার জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।”

২০২৬–২০৩০ মেয়াদের জন্য আগামী ২৭ জানুয়ারি দায়িত্ব নেবেন তিনি। নির্বাচনে পরাজিত প্রার্থী সালভাদোর নাসরাল্লা সিএনইর এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন। তার অভিযোগ, যেসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, সেগুলো বাদ দেয়া হয়েছে। তবে সমর্থকদের শান্ত থাকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানী তেগুসিগালপায় এক সংবাদ সম্মেলনে নাসরাল্লা বলেন, ‘আমি বাদ দেয়া ভোটের ওপর ভিত্তি করে কোনো ফল মেনে নেব না। ক্লান্তির কারণে বা আজ ২৪ তারিখ বলে গণতন্ত্র বন্ধ হয়ে যায় না। এটি হন্ডুরাসের মানুষের জন্য সবচেয়ে দুঃখের বড়দিন।’

হন্ডুরাস কংগ্রেসের স্পিকারও ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ক্ষমতাসীন লিব্রে পার্টির কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদোন্দো এক্সে লিখেছেন, ‘এটি পুরোপুরি আইন-বহির্ভূতভাবে হয়েছে। এর কোনো মূল্য নেই।’

আরও