আত্মঘাতী হামলায় নিজ কার্যালয়ে নিহত তালেবান গভর্নর

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের গভর্নর। এ ঘটনায় দায় করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের গভর্নর। এ ঘটনায় দায় করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর বিবিসি।

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রাদেশিক রাজধানী মাজার-ই শরীফের কার্যালয়ে নিহত হন মোহাম্মদ দাউদ মুজাম্মিল। এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হয়।

২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর হামলায় নিহত হওয়া সবচেয়ে সিনিয়র তালেবান কর্মকর্তা দাউদ মুজাম্মিল।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট বার্তা বলেন, ইসলামের শত্রুদের পরিচালিত বিস্ফোরণে শহীদ হয়েছেন গভর্নর।

দাউদ মুজাম্মিল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর থাকাকালে আইএসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেন। গত অক্টোবরে তাকে বলখে স্থানান্তর করা হয়।

বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেছেন, বৃহস্পতিবার সকালে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

আইএসের দাবি, তাদের এক সেনা গভর্নরের অফিসে শরীরে বোমা বেধে বিস্ফোরণ ঘটনায়। বিস্ফোরণে কয়েকজন নিরাপত্তারক্ষীও নিহত হয়েছে।

বিস্ফোরণের একদিন আগে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ জানিয়েছিল, মাজার-ই শরীফে আট ‘বিদ্রোহী ও অপহরণকারী’ হত্যা করেছে তারা।

আরও